
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেট সফরকে কেন্দ্র করে গণমাধ্যমকর্মীদের হেনস্তা করার অভিযোগ উঠেছে। প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর এটিই ছিল তার প্রথম সিলেট সফর। শুক্রবার সকালে সিলেটে পৌঁছে তিনি হযরত শাহ্জালাল (র.) মাজার মসজিদে জুমার নামাজ আদায় করেন। মাজার জিয়ারত শেষে বের হওয়ার সময় সাংবাদিকরা তার বক্তব্য সংগ্রহের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় নেতাকর্মীদের প্রচণ্ড ভিড় ও ঠেলাঠেলির কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
সাংবাদিকদের অভিযোগ, ভিড়ের চাপে অনেকের মাইক্রোফোন ও ক্যামেরা স্ট্যান্ডের ক্ষতি হয়েছে। এ সময় সাংবাদিকরা প্রতিবাদ জানালে নেতাকর্মীরা তাদের দিকে তেড়ে আসেন এবং গালিগালাজ করেন। যমুনা টেলিভিশনের সাংবাদিক নাবিল হোসাইন ফেসবুক পোস্টে জানান, মাজার প্রাঙ্গণে কাজ করা অসম্ভব হয়ে পড়ায় তারা বাইরে চলে আসেন। সেখানে কয়েকজন যুবক গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হয়ে প্রশ্ন তোলেন, মন্ত্রীর বক্তব্য না নিয়ে স্থান ত্যাগের সাহস কীভাবে হলো। স্টার নিউজের সিলেট ব্যুরো চিফ ইয়াহ্ইয়া মারুফ জানান, মাজার জিয়ারত শেষে ব্রিফিং দেয়ার কথা থাকলেও নেতাকর্মীদের বিশৃঙ্খলার কারণে তা সম্ভব হয়নি।
সংবাদ সংগ্রহের পরিবেশ না থাকায় সাংবাদিকরা মাজার এলাকা ত্যাগ করেন। বিকেলে নগরের জেলা পরিষদ মিলনায়তনে জেলা ও নগর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় টেলিভিশন সাংবাদিকরা অংশ নেননি। স্থানীয় বিএনপি নেতারা এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন এবং সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার নিষ্পত্তির জন্য উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২