
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে শুরু হওয়া আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’ পরিদর্শন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি হিসেবে তিনি দেশের শীর্ষস্থানীয় কসমেটিকস ও স্কিনকেয়ার প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেন। এ সময় বাংলাদেশে উৎপাদিত কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের গুণগত মান, আধুনিক উৎপাদন সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে এগুলোর রপ্তানি সম্ভাবনার ভূয়সী প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
আইসিসিবির হল নং-৪-এ তিন দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যেখানে সহযোগী হিসেবে রয়েছে রিমার্ক-হারল্যান গ্রুপ। এবারের মেলায় বিশ্বের ১৬টি দেশের ৫৮টি প্রতিষ্ঠান এবং ১৩২টি ব্র্যান্ড অংশ নিচ্ছে। রিমার্কের প্যাভিলিয়নে প্রদর্শিত বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ডের কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য ঘুরে দেখার পাশাপাশি প্রতিষ্ঠানটির ভিন্নধর্মী উপস্থাপনা ও পণ্যের বৈচিত্র্য নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন শামা ওবায়েদ ইসলাম। তিনি রিমার্কের গবেষণা ও উন্নয়ন কার্যক্রম (আরঅ্যান্ডডি), আধুনিক প্যাকেজিং, প্রিন্টিং, কাঁচামালের ব্যবহার, মান নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক বাজারে পণ্যের চাহিদা ও গ্রহণযোগ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেন।
পরিদর্শন শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে কসমেটিকস খাতের উৎপাদন সক্ষমতা এখন অনেক উন্নত। রিমার্কের হাত ধরে বাংলাদেশ এই খাতে আমদানিনির্ভরতা কাটিয়ে একটি বড় রপ্তানিকারক দেশে পরিণত হতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, স্থানীয় শিল্পের এই সক্ষমতা বৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারে রপ্তানি সম্প্রসারণ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
রিমার্কের প্যাভিলিয়ন পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, রিমার্ক-হারল্যানের পরিচালক (ফার্মা) সুকান্ত দাস, হারল্যান স্টোরের হেড অব মার্কেটিং মো. হাবিবুল্লাহ হাবিব এবং রিমার্ক-হারল্যানের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর মিজানুর রহমানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রিমার্ক-হারল্যানের পরিচালক সুকান্ত দাস জানান, দেশের প্রসাধনী ও ব্যক্তিগত পরিচর্যা শিল্প বর্তমানে একটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই শিল্পকে আন্তর্জাতিক মানের উৎপাদনমুখী ও রপ্তানিমুখী হিসেবে গড়ে তুলতে এই ধরনের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম অত্যন্ত কার্যকর। তিনি বলেন, ‘কসমেটিকা ঢাকা ২০২৬’ আন্তর্জাতিক ব্যবসায়ী ও প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের নতুন দুয়ার খুলে দিয়েছে, যা বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনাকে তুলে ধরবে।
উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে বাংলাদেশের কসমেটিকস খাতে ‘গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস (জিএমপি)’ সনদ লাভ করে রিমার্ক। বর্তমানে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম cGMP, ISO এবং হালাল মানদণ্ড মেনে পরিচালিত হচ্ছে। রিমার্কের বিভিন্ন ব্র্যান্ড যেমন লিলি, নিওর ও সিওডিল বর্তমানে ভারত, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের বাজারে রপ্তানি হচ্ছে। বিশেষ করে ভারতের উত্তর প্রদেশ ও বিহারে এসব পণ্যের বিপণন শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে দেশটির অন্যান্য রাজ্যেও তা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। আয়োজকরা জানান, তিন দিনের এই প্রদর্শনীটি সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী, উদ্যোক্তা ও সাধারণ দর্শনার্থীদের জন্য প্রসাধনী শিল্পের আন্তর্জাতিক সংযোগের একটি বড় মাধ্যম।
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৪৭আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৪৮
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২