
রাজধানীর হাতিরঝিল লেক থেকে একটি পিস্তলের চার্জারসহ ৪৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত এক সদস্যের সতর্কতা ও তাৎক্ষণিক তৎপরতায় এই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সম্ভব হয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে হাতিরঝিল থানাধীন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) হাতিরঝিল প্রকল্পের মহানগর পূর্ব ব্রিজের নিচে লেকের পানিতে এই ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা যায়, মো. সেলিম নামে একজন অপেশাদার ডুবুরি প্রতিদিনের মতো লেকের পানিতে নেমে মোবাইল ফোন, ভাঙা লোহা, স্বর্ণের অলংকার ও কয়েনসহ বিভিন্ন পরিত্যক্ত সামগ্রী সংগ্রহ করছিলেন। মহানগর পূর্ব ডিউটি পোস্টে দায়িত্বরত আনসার সদস্য রিপন ওই ডুবুরির গতিবিধি লক্ষ্য করেন। ডুবুরি পানির নিচ থেকে কী তুলে আনছেন, তা দেখার জন্য আনসার সদস্য রিপন ব্রিজের ওপর অবস্থান নেন।
একপর্যায়ে ডুবুরি পানির নিচ থেকে গুলিসদৃশ কিছু বস্তু উদ্ধার করে ওপরে তোলেন। আনসার সদস্যের জিজ্ঞাসায় ডুবুরি পানির নিচ থেকে এগুলো পাওয়ার কথা জানান। পরে আনসার সদস্যের অনুরোধে উদ্ধারকৃত সামগ্রীগুলো ওপরে আনা হলে পরীক্ষা করে দেখা যায়, সেগুলো পিস্তলের ৪৮ রাউন্ড গুলি এবং একটি পিস্তলের চার্জার। আনসার সদস্যের এই সতর্কতার কারণে লেকের পানিতে থাকা এসব বিপজ্জনক সামগ্রী শনাক্ত ও উদ্ধার করা সম্ভব হয়েছে। পরবর্তীতে উদ্ধারকৃত গুলি ও চার্জার হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২