
স্পেনের রাজধানী মাদ্রিদের আরগানসুয়েলা এলাকায় একটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ইউসুফ হাসান আলিফ নামে ২৫ বছর বয়সী এক প্রবাসী বাংলাদেশি যুবক প্রাণ হারিয়েছেন। রোববার সন্ধ্যায় একটি ভবনের নিচে অবস্থিত ওই গ্যারেজে আগুন লাগে। গ্যারেজটিতে বিভিন্ন স্টোররুমের পাশাপাশি বিপুলসংখ্যক ইলেকট্রিক বাইসাইকেল রাখা ছিল, যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং প্রচণ্ড তাপ ও ঘন ধোঁয়ার সৃষ্টি হয়।
Emergencias Madrid-এর তথ্যানুযায়ী, রাত ৮টার কিছু আগে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মাদ্রিদ সিটি কাউন্সিলের দমকল বাহিনীর ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। গ্যারেজের জটিল কাঠামো এবং তীব্র উত্তাপ ও ধোঁয়ার কারণে উদ্ধারকাজ অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। দীর্ঘ প্রচেষ্টার পর দমকল কর্মীরা গ্যারেজের ভেতরে প্রবেশ করে আগুনের উৎস শনাক্ত করেন এবং অচেতন অবস্থায় ইউসুফকে উদ্ধার করে বাইরে নিয়ে আসেন। তবে ঘটনাস্থলে উপস্থিত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর শরীরে ধোঁয়াজনিত বিষক্রিয়া ও শ্বাসনালিতে পোড়ার লক্ষণ পাওয়া গেছে।
নিহত ইউসুফ হাসান আলিফের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উত্তরগাঁও এলাকায় এবং তাঁর বাবার নাম আব্দুল মতালিব। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সূত্র অনুযায়ী, তিনি গত বছর জীবিকার সন্ধানে স্পেনে পাড়ি জমান। সম্প্রতি তিনি নিয়মিতকরণের একটি প্রক্রিয়ায় আবেদন করেছিলেন এবং মৃত্যুর মাত্র তিন দিন আগে তাঁর কাজের অনুমতিপত্র হাতে পেয়েছিলেন। নতুন কর্মজীবন শুরুর প্রস্তুতির মধ্যেই এই মর্মান্তিক ঘটনা তাঁর পরিবার ও স্থানীয় কমিউনিটিতে শোকের ছায়া ফেলেছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২