
কর্ণাটকে এক মন্ত্রীর মন্তব্যকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডি ইসলামকে ‘অন্যান্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলে মন্তব্য করার পর তার পদত্যাগ অথবা হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়ার দাবি তুলেছে বিরোধী দল বিজেপি। দুর্নীতির অভিযোগে রাজ্যটির আরেকজন মন্ত্রী পদত্যাগ করার মাত্র দুই দিনের মাথায় এই নতুন বিতর্ক সামনে এলো।
কোপ্পাল জেলার কুকনুর শহরে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় বাসবরাজ রায়ারেড্ডি ইসলামকে একটি মহান ও অত্যন্ত মানবিক ধর্ম হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, ইসলাম বিজ্ঞানভিত্তিক এবং এটি মানুষকে জীবনযাপনের সঠিক উপায় শিক্ষা দেয়। যারা ইসলাম সম্পর্কে না জেনেই ভুল ধারণা পোষণ করেন, তাদের সমালোচনা করে তিনি বলেন, ইসলাম সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ, কারণ এর সূচনা হয়েছে মানবতা দিয়ে। নিজের পড়াশোনার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, তিনি নিয়মিত মন্দির বা মঠে না গেলেও ধর্ম ও বিভিন্ন ইতিহাস নিয়ে পড়াশোনা করেন এবং সেই সূত্রেই আব্রাহামিক ধর্মগুলোর দিকে নজর দিয়েছেন।
মন্ত্রীর এই বক্তব্যের পর রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি আর অশোক মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের কাছে এ বিষয়ে ব্যাখ্যা দাবি করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করে বলেন, ডি কে শিবকুমার ক্যামেরার সামনে মন্দিরে গিয়ে ভক্তি দেখালেও নিজের মন্ত্রিসভার সদস্য যখন সনাতন হিন্দু ধর্ম ও মন্দিরকে অবমাননা করেন, তখন তিনি নীরব থাকেন।
আর অশোক আরও বলেন, বাসবরাজ রায়ারেড্ডি ‘আমি মঠ বা মন্দিরে যাই না’ বলে লাখ লাখ হিন্দুর ধর্মীয় বিশ্বাসকে হেয় করেছেন এবং ইসলামকে শ্রেষ্ঠ বলে সনাতন ধর্মকে অবমাননা করেছেন। বিজেপি নেতার দাবি, রায়ারেড্ডিকে অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে। অন্যথায় মুখ্যমন্ত্রীকে তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করে নিজের অবস্থান স্পষ্ট করতে হবে। তা না হলে মুখ্যমন্ত্রীর মন্দিরে যাওয়াকে কেবলই ভোট পাওয়ার লোকদেখানো ভক্তি হিসেবে গণ্য করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
এদিকে বিজেপির মুখপাত্র অশোক গৌড়াও এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, কংগ্রেস সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রী নিজেদের ভোটারদের সন্তুষ্ট করতে এই ধরনের মন্তব্য করছেন। বাসবরাজ রায়ারেড্ডি নিজের ভোটারদের তুষ্ট করার জন্য সপ্তম শতাব্দীতে আটকে আছেন মন্তব্য করে তিনি সবাইকে বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ পড়ার আহ্বান জানান। একই সাথে রায়ারেড্ডিকে মনে করিয়ে দেন যে তিনি কোনো ধর্ম বিশেষজ্ঞ নন।
উল্লেখ্য, বাসবরাজ রায়ারেড্ডি এর আগে কর্ণাটকের সাবেক মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার আর্থিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলতি মাসের শুরুর দিকে ডি কে শিবকুমারের নেতৃত্বাধীন মন্ত্রিসভা সম্প্রসারণের সময় তিনি মন্ত্রী হিসেবে শপথ নেন। সম্প্রতি দুর্নীতির অভিযোগে বিজেপির চাপে মন্ত্রী বি নগেন্দ্র দুই বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো পদত্যাগ করার পর কংগ্রেস সরকারের ওপর চাপ বাড়াতে এই নতুন ইস্যুকে সামনে এনেছে বিজেপি।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২