
গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বাসের সিট পরিষ্কার করা নিয়ে বাগবিতণ্ডার জেরে নারীসহ ৮ দর্শনার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী দর্শনার্থীদের পক্ষ থেকে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পার্কের বন প্রহরী ফরহাদকে সাময়িক বরখাস্ত করেছে পার্ক কর্তৃপক্ষ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম রবিবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। আহত দর্শনার্থীদের মধ্যে রয়েছেন রাজধানীর বারিধারা (নতুন বাজার) এলাকার সালমা হোসেন (৪৫), তার দুই ছেলে আহনাফ মাহিন (১৭) ও জারিফ (১৫), এবং তাদের ব্যক্তিগত গাড়ির চালক রাসেল (২৫)। এছাড়া অন্য আহতরা হলেন মানিক মিয়া (৩৭), আরমান (৪৫), দোয়েল হক (৩৫) ও আশিক (৩৫)। গত শনিবার দুপুর আড়াইটার দিকে পার্কের সহকারী বন সংরক্ষকের কার্যালয়ের একটি কক্ষে এই মারধরের ঘটনা ঘটে। সন্ধ্যার পর মারামারির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা সবার নজরে আসে।
ভুক্তভোগী দর্শনার্থী সালমা হোসেন জানান, শনিবার দুপুরে দুই ছেলেকে নিয়ে তিনি গাজীপুর সাফারি পার্কে যান। সেখানে কোর সাফারির দর্শনার্থী বাসে ওঠার পর সিটে ময়লা দেখতে পেয়ে তারা প্রহরী ফরহাদকে তা পরিষ্কার করতে বলেন। কিন্তু ফরহাদ সিট পরিষ্কারের দায়িত্ব তার নয় বলে তর্কে জড়িয়ে পড়েন। পরে সাফারি ভ্রমণ শেষে বাসচালক দর্শনার্থীদের নির্দিষ্ট স্থানে না নামিয়ে সরাসরি সহকারী বন সংরক্ষকের কার্যালয়ের নিচে নিয়ে যান। সেখানে পৌঁছানো মাত্রই প্রহরী ফরহাদ ও তার সহকর্মীরা সালমার দুই ছেলে ও চালক রাসেলকে মারধর শুরু করেন। বাধা দিতে গেলে পার্কের ইউনিফর্ম পরিহিত কর্মীরা সালমাকেও ধাক্কা দেয়। এ সময় সালমার ৩ ভরি ওজনের সোনার চেইন, তার ও ছেলের মোবাইল ফোন এবং নগদ ৮০ হাজার টাকা হারিয়ে গেছে বলে তিনি দাবি করেন।
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান জানান, বাসের সিট পরিষ্কার করা নিয়ে প্রহরী ফরহাদের সঙ্গে দর্শনার্থীদের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে বাসটি অফিসের নিচে আসলে অন্যান্যদের সঙ্গেও মারামারি ঘটে। এ ঘটনায় পার্কের দুজন কর্মচারীও আহত হয়েছেন এবং তাদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এম. কে. এম ইকবাল হোছাইন চৌধুরী জানান, দর্শনার্থীদের হামলায় মুমিন নামে তাদের এক স্টাফ আহত হয়েছেন, যাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর আলোচনার জন্য পর্যটকদের অফিসে আনা হলে দুই পক্ষের মধ্যে পুনরায় হাতাহাতি হয়। এ ঘটনায় বন বিভাগের স্টাফ ফরহাদকে বরখাস্ত করা হয়েছে।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দর্শনার্থীদের পক্ষ থেকে মামলা দায়েরের পর রাতে পার্ক কর্তৃপক্ষের পক্ষ থেকেও একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২