
রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সুশাসন প্রতিষ্ঠা এবং সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড তদারকির বিশেষ দায়িত্ব পেয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। একই সঙ্গে তিনি ঢাকার দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজের সমন্বয়ে ভূমিকা রাখবেন।
সারা দেশের জেলাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষা, দুর্নীতি দমন, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের তদারকি ও সমন্বয়ের জন্য সরকার মোট ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে দায়িত্ব দিয়েছে। এরই অংশ হিসেবে রাজধানী ঢাকার তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে সুলতান সালাউদ্দিন টুকুকে। গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, টেকসই উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং দুর্নীতি নির্মূল করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। মাঠপর্যায়ে এসব কার্যক্রমের কার্যকর তদারকি ও সমন্বয় জোরদার করতেই এই দায়িত্ব বণ্টন করা হয়েছে।
সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর পাশাপাশি এখন তিনি ঢাকার মতো গুরুত্বপূর্ণ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।
রাজধানীর মতো গুরুত্বপূর্ণ জেলার দায়িত্ব পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন তার রাজনৈতিক সহকর্মীরা। তারা মনে করছেন, এটি প্রতিমন্ত্রীর ওপর সরকারের গভীর আস্থা ও প্রত্যাশারই প্রতিফলন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং মাঠপর্যায়ে সক্রিয়তার কারণে তিনি এই নতুন দায়িত্ব অত্যন্ত সফলভাবে ও কার্যকরভাবে পালন করতে পারবেন বলে তারা আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২