
ইউরোপীয় ফুটবলের দলবদলের বাজার বন্ধ হওয়ার ঠিক আগমুহূর্তে বড়সড় এক চমকের আভাস মিলছে। নতুন করে গুঞ্জন উঠেছে, অ্যাস্টন ভিলা ছেড়ে চেলসিতে যোগ দিতে পারেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
ইএসপিএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্টিনেজকে দলে ভেড়াতে ইতোমধ্যে অ্যাস্টন ভিলার কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে চেলসি। দুই ক্লাবের মধ্যে বর্তমানে এ নিয়ে আলোচনা চলছে। শেষ পর্যন্ত দুই পক্ষ সমঝোতায় পৌঁছালে স্ট্যামফোর্ড ব্রিজে ব্লুজদের গোলপোস্ট সামলানোর দায়িত্বে দেখা যেতে পারে ‘দিবু’ মার্টিনেজকে।
মূলত ক্লাবের খেলোয়াড়দের গড় বয়স কমিয়ে আনার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে অ্যাস্টন ভিলা। ৩৩ বছর বয়সী মার্টিনেজকে ছেড়ে দেওয়ার পেছনে এটি একটি বড় কারণ হিসেবে কাজ করছে। এছাড়া সম্প্রতি জাপানি তরুণ গোলরক্ষক জায়ন সুজুকিকে দলে ভিড়িয়েছে ক্লাবটি। ভিলার পরিকল্পনা হলো, সুজুকিকে ভবিষ্যতের এক নম্বর গোলরক্ষক হিসেবে গড়ে তোলা। আর এ কারণেই মার্টিনেজকে বিক্রির বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে তারা।
অন্যদিকে চেলসির বর্তমান গোলরক্ষক রবার্ট সানচেজের পারফরম্যান্স নিয়ে ফুটবল মহলে তীব্র সমালোচনা চলছে। বিশেষ করে ফুলহ্যামের বিপক্ষে ৩-২ ব্যবধানে হারের ম্যাচে সানচেজের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ওঠার পর থেকেই নতুন গোলরক্ষকের খোঁজে নামে চেলসি। শুরুতে স্ট্রাসবুর্গে ধারে খেলা তরুণ বেলজিয়ান গোলরক্ষক মাইক পেন্ডার্সকে মূল দলে সুযোগ দেওয়ার কথা ভাবছিল ক্লাবটি। তবে প্রিমিয়ার লিগের পরীক্ষিত ও অভিজ্ঞ মার্টিনেজকে পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় চেলসি তাদের পরিকল্পনা বদলে ফেলতে পারে।
২০২০ সালে ১৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে আর্সেনাল ছেড়ে অ্যাস্টন ভিলায় যোগ দিয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। এরপর ক্লাব ও আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স করে নিজেকে বর্তমান বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২