
সিলেটের শাহপরান বাইপাস এলাকায় দায়িত্ব পালনরত এক র্যাব সদস্যকে অপহরণ ও মারধরের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই ঘটনার মূল হোতা হিসেবে পরিচিত সিলেট ছাত্রদলের নেতা ও স্থানীয় ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। হামলার শিকার র্যাব সদস্য আবুল কাশেমের পক্ষ থেকে বৃহস্পতিবার শাহপরান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ট্যাটো সুমনসহ মোট ১০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, গত বুধবার ভোররাতে বটেশ্বর এলাকায় দায়িত্ব পালনকালে র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায় ট্যাটো সুমন ও তার সহযোগীরা। একপর্যায়ে তারা র্যাব সদস্য আবুল কাশেমকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায় এবং মারধর করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় হরিপুর বাজারের পশুর হাট এলাকায় ফেলে দেওয়া হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করেন।
ঘটনার সময় ট্যাটো সুমন ও তার বাহিনীর সদস্যরা সশস্ত্র অবস্থায় ছিল। স্থানীয়দের ভাষ্যমতে, ঘটনার আগে দাসপাড়া বাইপাস এলাকায় চোরাচালানের পণ্য আটক নিয়ে র্যাব সদস্যদের সঙ্গে ট্যাটো সুমন বাহিনীর বাকবিতণ্ডা হয়। সেখান থেকেই উত্তেজনার সূত্রপাত। হরিপুরের স্থানীয় ব্যবসায়ীরা এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং বুধবার সকাল ১০টার দিকে মাইকিং করে অপরাধীদের আটকের জন্য এলাকাবাসীর সহযোগিতা চান। ব্যবসায়ীরা জানিয়েছেন, কাশেমকে ফেলে দেওয়ার পর হামলাকারীরা লামা শ্যামপুর গ্রামের ফখরুলের বাড়িতে আশ্রয় নেয়। স্থানীয়দের ক্ষোভের মুখে তারা পালিয়ে গেলেও সাদ্দাম নামে এক সহযোগীকে আটক করা হয়।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারি কাজে বাধা দান ও হামলার ঘটনায় মামলাটি রেকর্ড করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর সাজ্জাদুর রহমান জানান, সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মামলায় অভিযুক্ত অন্য আসামিরা হলেন—ওয়েস আহমদ, সুয়েব আহমদ, শাহাবউদ্দিন সাদ্দাম, ফয়েজ আহমদ, আফাজুর রহমান আফাজ, ফখরুল ইসলাম, সুলতান আহমদ, মো. রায়হান আহমদ ও বারেক আহমদ। স্থানীয়রা জানান, ট্যাটো সুমন ও শিবগঞ্জের ফরহাদ বাহিনী দীর্ঘদিন ধরে ওই এলাকায় চোরাচালান নিয়ন্ত্রণ করে আসছে। তারা নিয়মিত চাঁদা আদায় ও চোরাচালানের গাড়ি নিরাপদে পারাপারে সিন্ডিকেট পরিচালনা করে থাকে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২