
একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা ও গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের রিভিউ আবেদনের আদেশের জন্য ৩১ আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের অপর সদস্য হলেন বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
অভিযোগ গঠনের শুনানিতে আসামিপক্ষের আইনজীবী রাগীব রউফ ট্রাইব্যুনালকে জানান, এটি একটি ব্যতিক্রমী মামলা এবং তার মক্কেল একজন ব্যবসায়ী। মামলার নথি অনুযায়ী, ২০০৯ সালে তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়। পরবর্তীতে ২০১৭ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে একটি বিবিধ মামলা বা মিস কেস দায়ের করা হয়।
তদন্ত সংস্থা মামলাটি তদন্ত করে অভিযোগের সত্যতা পায়নি মর্মে প্রতিবেদন দাখিল করেছিল। ট্রাইব্যুনাল পুনরায় তদন্তের নির্দেশ দিলেও দ্বিতীয় দফার তদন্তেও কোনো সত্যতা মেলেনি। এরপর প্রসিকিউশন পক্ষ তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে দুটি অভিযোগ এনে তদন্ত প্রতিবেদন দাখিল করে। দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২৫ সালের ১৬ এপ্রিল তোফাজ্জল হোসেন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। দুই দফা শুনানির পর ট্রাইব্যুনাল তাকে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেন। বর্তমানে প্রসিকিউশনের দাখিল করা অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে কি না, সেই বিষয়েই আগামী ৩১ আগস্ট আদেশ দেবেন ট্রাইব্যুনাল।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২