
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে তাকে যথাযথ মর্যাদা দিয়ে স্মরণীয় অভ্যর্থনা দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার রাতে রাজধানীর ওয়েস্টিন হোটেলে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ী নেতাদের সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ভারতীয় হাইকমিশন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে ভারতের শীর্ষ ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) উচ্চপর্যায়ের প্রতিনিধিদল উপস্থিত ছিল। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, সিআইআইয়ের মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জি এবং দুই দেশের বিভিন্ন খাতের শীর্ষ ব্যবসায়ীরা অংশ নেন।
দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান কিছু সমস্যা প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের মাধ্যমে সমাধান করা সম্ভব। তিনি দুই দেশের সম্পর্কের ভিত্তি হিসেবে পারস্পরিক ও নিঃশর্ত আস্থার ওপর গুরুত্বারোপ করেন। এসময় তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে আশ্বস্ত করেছেন যে, তারেক রহমান ভারত সফরে গেলে তাকে যথাযথ মর্যাদার মাধ্যমে অভ্যর্থনা জানানো হবে। তিনি আশা প্রকাশ করেন যে, এই সফর স্মরণীয় হবে এবং এর সুফল দুই দেশের জনগণের কাছে পৌঁছাবে।
ভারতীয় হাইকমিশনার আরও বলেন, অতীতের মতপার্থক্যগুলো মিটিয়ে দুই দেশকেই সামনে এগিয়ে যেতে হবে। তিনি উল্লেখ করেন, আমি বলছি না অতীতকে ভুলে যেতে, অতীতকে সঙ্গে রাখুন এবং অতীতের মতপার্থক্যগুলো মিটিয়ে নিন, কিন্তু সামনে এগিয়ে যান। তিনি বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সম্ভাবনা তৈরি হয়েছে, যা দুই দেশের সম্পর্কের ইতিহাসে একটি সোনালি ও দীর্ঘস্থায়ী অধ্যায় হবে। কারণ দুই দেশেরই একে অপরের সঙ্গে ভাগ করে নেয়ার মতো অনেক কিছু রয়েছে।
এদিকে, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক গড়ে তোলার কথা জানিয়েছে ভারত। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২