
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. ইসমাইল হোসেনের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাবেক ইউপি সদস্যের স্ত্রী পারভীন বেগম বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। বিষয়টি সাটুরিয়া থানা পুলিশ নিশ্চিত করেছে।
সাবেক ইউপি সদস্য মো. ইসমাইল হোসেন জানান, গত রবিবার (১৬ আগস্ট) দুপুর ২টার দিকে হরগজ নয়াপাড়ার মোল্লাকান্দি এলাকার আলমগীর মৃধা, ফজলুল করীম শামীম, জাহাঙ্গীর মৃধা, আকাশ মৃধা, নুরুল ইসলাম মৃধা, আকবর, ফরহাদ আলী ও বাহার উদ্দিন মৃধাসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জন ব্যক্তি দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার নতুন বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর করে এবং বাধা দিতে গেলে বাড়ির লোকজনকে আক্রমণের শিকার হতে হয়। সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, নতুন ঘরের দরজা ভাঙা, টিনের চাল ছিন্নভিন্ন অবস্থায় পড়ে আছে এবং ঘরের সিমেন্টের খুঁটিগুলো ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, সাবেক মেম্বার মো. ইসমাইল হোসেন মৃধা ও মো. নুরুল ইসলামের মধ্যে ওয়ারিশি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছে। এ নিয়ে মানিকগঞ্জ বিজ্ঞ যুগ্ম জজ ২য় আদালতে ১৪১/২০১৩ নম্বর দেওয়ানি মামলা চলমান রয়েছে।
পারভীন বেগম দাবি করেন, ওই প্লটে মোট ১০২ শতাংশ জমির মালিক ছিলেন দুই ভাই। এর মধ্যে নুরুল ইসলাম গং বিভিন্ন সময় জমি বিক্রি করায় বর্তমানে ৪৬ শতাংশ জমি অবশিষ্ট আছে। নিয়ম অনুযায়ী তাদের ৫১ শতাংশ পাওয়ার কথা থাকলেও তারা তা পাচ্ছেন না এবং অবশিষ্ট জমিটুকুও তাদের দিতে চায় না। এ বিরোধের জেরেই ২০১৩ সালে মামলা করা হয়। তিনি জানান, তারা ওই জমিতে ঘর নির্মাণ করে দখলে ছিলেন, যা ভাঙচুর করা হয়েছে। তারা এর সুষ্ঠু বিচার দাবি করেছেন। প্রতিবেশী জয়নাল হোসেনও একই বিরোধের কথা উল্লেখ করে মামলা নিষ্পত্তি হওয়ার আগে জমি বিক্রি ও স্থাপনা ভাঙচুরের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
এ বিষয়ে অভিযুক্ত মো. আলমগীর হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মোশররফ হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২