
সাতক্ষীরার দেবহাটা উপজেলার দেবহাটা সদর ইউনিয়নের গোপাখালী খালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে জাল ফেলে জলাবদ্ধতা সৃষ্টি ও খাল দখলের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় এক জামায়াত নেতার নেতৃত্বে এই দখল প্রক্রিয়া চলছে বলে জানা গেছে, যার ফলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সূত্র জানায়, গোপাখালী খালটি দীর্ঘদিন ধরে সরকারিভাবে ইজারা দেওয়া হচ্ছিল। সর্বশেষ এটি গোপাখালী রহিমপুর মৎস্যজীবী সমবায় সমিতির নামে ১৪৩২ বঙ্গাব্দে ইজারা দেওয়া ছিল। সমিতিটি পরবর্তী ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা পাওয়ার আবেদন করে সরকারি নিয়ম মেনে টাকাও জমা দিয়েছে। এর আগে গত ০৮/০৩/২৬ তারিখে সাতক্ষীরার তৎকালীন জেলা প্রশাসক খালটি উন্মুক্ত করার প্রস্তাব দিলে তার বিরুদ্ধে সমবায় সমিতির সভাপতি আনজার আলী হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। রিটের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট গত ০৬/০৫/২০২৬ তারিখে খাল উন্মুক্ত করার ওপর নিষেধাজ্ঞা জারি করেন এবং দ্রুত ইজারা দেওয়ার নির্দেশ দেন।
হাইকোর্টের এই নির্দেশনার আলোকেই বর্তমান সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাওসার আজিজ গত ১২/০৫/২৬ তারিখে অনুষ্ঠিত জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভায় খালটি পুনরায় ইজারা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।
কিন্তু সরকারিভাবে খালটি পুনরায় ইজারা দেওয়ার আগেই গোপাখালী জামায়াতের ইউনিট সেক্রেটারি শাহ আলম (পিতা- মৃত আব্দুল খালেক) গোপাখালী মাঠের পাশে অবৈধভাবে জাল ফেলা শুরু করেন। এছাড়া স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফ (পিতা- মৃত নুর মোহাম্মদ) এবং গোপাখালী ও আজিজপুর গ্রামের আকবর আলীর ছেলে আব্দুর রাজ্জাকসহ কিছু অসাধু ব্যক্তি সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছামতো জাল ফেলে মাছ ধরছেন। এতে করে খালটিতে কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
গত সপ্তাহে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আনা হলে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নির্দেশে সদর ইউনিয়নের তহশিলদার সরেজমিনে গিয়ে অবৈধ জালগুলো উচ্ছেদ করেন। তবে উচ্ছেদের পর আবারও ওই অসাধু চক্রটি সেখানে নতুন করে জাল ফেলেছে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে কৃত্রিম জলাবদ্ধতা নিরসন এবং অবৈধভাবে জাল ফেলার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২