
বাংলাদেশে তরুণ জনগোষ্ঠীর মধ্যে উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা আশঙ্কাজনক হারে বাড়ছে। এই সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে যথাযথ কর্মসূচি গ্রহণ এবং টেকসই অর্থায়ন নিশ্চিত করা প্রয়োজন। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত "যুব সমাজে উচ্চ রক্তচাপ ঝুঁকি এবং করণীয়: বাংলাদেশ পরিপ্রেক্ষিত" শীর্ষক এক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন। গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এই ওয়েবিনারের আয়োজন করে।
ওয়েবিনারে জানানো হয়, বাংলাদেশে মোট মৃত্যুর ৭১ শতাংশেরই কারণ উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগ, যার মধ্যে ১৯ শতাংশই অকাল মৃত্যু। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’ অনুযায়ী, দেশের শীর্ষ ১০টি রোগের তালিকায় প্রথম স্থানে রয়েছে উচ্চ রক্তচাপ। এছাড়া ‘বাংলাদেশ এনসিডি স্টেপস সার্ভে, ২০১৮’ এর তথ্যমতে, ১৮ থেকে ৩৯ বছর বয়সী তরুণ জনগোষ্ঠীর প্রায় ১২ শতাংশই উচ্চ রক্তচাপে ভুগছেন। বক্তারা সতর্ক করে বলেন, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এই স্বাস্থ্য সংকট ভবিষ্যতে আরও মারাত্মক রূপ ধারণ করবে।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ইপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, উচ্চ রক্তচাপজনিত অকালমৃত্যু রোধ করতে তৃণমূল পর্যায়ের সব স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়মিত ওষুধের সরবরাহ নিশ্চিত করা জরুরি। আর এজন্য প্রয়োজন টেকসই অর্থায়ন। একটি সুস্থ তরুণ প্রজন্ম গড়ে তুলতে এটি সবচেয়ে লাভজনক বিনিয়োগ হতে পারে বলে তিনি মন্তব্য করেন। ব্র্যাক জেমস পি গ্রান্টস স্কুল অব পাবলিক হেলথ-এর অধ্যাপক ডা. মলয় কান্তি মৃধা জানান, গবেষণাভিত্তিক প্রতিরোধমূলক ও প্রতিকারমূলক পদক্ষেপের মাধ্যমেই উচ্চ রক্তচাপ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।
গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস স্বাস্থ্য বাজেট বৃদ্ধির প্রশংসা করে বলেন, বর্ধিত এই বাজেটের একটি বড় অংশ উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগ মোকাবিলায় বরাদ্দ করা উচিত। বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সহ-সভাপতি ও ডেইলি সান-এর ডেপুটি এডিটর মোহাম্মদ আল আমিন বলেন, বাজেটের ব্যবহারে সরকার যাতে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেয়, সে বিষয়ে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
১২ই আগস্ট “ডিফারেন্ট কনটেক্সট, কমন অ্যাসপিরেশন” প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হতে যাচ্ছে। এই দিবসকে সামনে রেখে আয়োজিত ওয়েবিনারে জিএইচএআই-এর সহায়তায় সহ-আয়োজক হিসেবে যুক্ত ছিল বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস’ সোসাইটি, প্ল্যাটফরম ডক্টরস ফাউন্ডেশন, ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন এবং গিভ বাংলাদেশ।
প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির প্রোগ্রাম অফিসার সামিহা বিনতে কামাল। ওয়েবিনারে আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন ভাইটাল স্ট্র্যাটেজিস-এর কনসালটেন্ট আমিনুল ইসলাম সুজন। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে যুব সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই ভার্চুয়াল আলোচনায় অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২