
চট্টগ্রামের মিরসরাইয়ের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। একই কক্ষের দরজার কাছ থেকে তার স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দম্পতির ১০ মাস বয়সী কন্যাসন্তানকে অক্ষত অবস্থায় পাওয়া গেছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড়তাকিয়া বাজারের ‘হোটেল রিলাক্স জোন’-এর ১০৪ নম্বর কক্ষ থেকে এই মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত পুলিশ সদস্যের নাম আমিনুল ইসলাম (৩২)। তিনি মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের আব্দুল হক মাস্টার বাড়ির আবুল হোসেনের ছেলে। আমিনুল রাঙ্গামাটি জেলায় সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন। তার স্ত্রী তাহমিনা আক্তার (২৪) মিরসরাইয়েরই হাজী শ্বরাই এলাকার বাসিন্দা।
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, গত রোববার দুপুর ২টার দিকে ১০ মাস বয়সী মেয়ে ফাতিহা আক্তারকে সঙ্গে নিয়ে ওই হোটেলে ওঠেন এই দম্পতি। তারা ১০৪ নম্বর কক্ষটি ভাড়া নিয়েছিলেন। বিকেল ও রাতে তারা দুবার বাইরে গিয়ে আবার কক্ষে ফিরে আসেন। হোটেলের ব্যবস্থাপক সোহান জানান, পরদিন তাদের কক্সবাজার বেড়াতে যাওয়ার কথা ছিল। সোমবার সকালে চেক আউটের জন্য ডাকাডাকি করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। দীর্ঘক্ষণ পর ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় দরজা খুলে দেন তাহমিনা। এরপর কক্ষে ঢুকে খাটের পাশে সিলিং ফ্যানের সঙ্গে আমিনুলের ঝুলন্ত মরদেহ দেখতে পান হোটেল কর্মচারীরা।
খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাহমিনাকে উদ্ধার করে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাদিম হায়দার চৌধুরী জানান, এএসআই আমিনুলের মৃত্যুর প্রকৃত কারণ এবং তার স্ত্রীর রক্তাক্ত হওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি আত্মহত্যা নাকি পারিবারিক কোনো কলহের জেরে ঘটেছে, তা তদন্তের পর স্পষ্ট হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২