
দিনাজপুর কোতোয়ালি থানায় সিআইডি পুলিশের এক ইন্সপেক্টরকে চড় মারার ঘটনায় জেলা কৃষক দলের সদস্য সচিব মুজিবুর রহমান মজিবকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার মধ্যরাতে থানার ওসি’র কক্ষে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। এ ঘটনায় সিআইডি ইন্সপেক্টর নওবুর রহমান বাদী হয়ে মুজিবুর রহমান মজিবসহ অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মামলার পর আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, সিআইডি ইন্সপেক্টর নওবুর রহমান একটি হত্যা মামলার তদন্তের কাজে কোতোয়ালি থানায় ওসি’র কক্ষে সাদা পোশাকে অবস্থান করছিলেন। এ সময় জেলা কৃষক দলের সদস্য সচিব মুজিবুর রহমান মজিব তার সঙ্গীদের নিয়ে সেখানে উপস্থিত হন। ওসি তার চেয়ারে না থাকায় মজিব তার অবস্থান সম্পর্কে জানতে চাইলে সিআইডি ইন্সপেক্টরের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মজিব ইন্সপেক্টর নওবুর রহমানের গালে চড় মারেন। ঘটনার পরপরই কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে আটক করেন।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মো. নূরনবী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে সিআইডি ইন্সপেক্টর নওবুর রহমানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মুজিবুর রহমান মজিবকে কৃষকদল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের অনুমোদনক্রমে মজিবকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সকল দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দলীয় নেতা-কর্মীদের তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২