
মারধর ও যৌন হয়রানির মামলায় চিত্রনায়িকা পরীমণিকে জেরা করার দিন পিছিয়ে আগামী ৩০ নভেম্বর নির্ধারণ করেছেন আদালত। রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শাহাদাৎ হোসেন ভূঁইয়া এ আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী)।
মামলার ধার্য দিনে বেলা ১১টার দিকে পরীমণির আইনজীবী আদালতকে জানিয়েছিলেন যে, তার মক্কেল আদালতে উপস্থিত হবেন এবং ১২টার দিকে যেন জেরার জন্য সময় রাখা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী দুপুর ১২টায় জেরার জন্য সময় রাখা হলেও পরীমণি সময়মতো উপস্থিত হতে পারেননি। পরবর্তীতে আদালত মামলার সব কার্যক্রম শেষে জেরার জন্য নতুন তারিখ হিসেবে ৩০ নভেম্বর ধার্য করেন। এর আগে, যানজটের কারণে দেরিতে আদালতে পৌঁছেও পরীমণি ফিরে যান।
মামলাটিতে আসামি হিসেবে রয়েছেন নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। তারা বর্তমানে জামিনে রয়েছেন। রোববার শহীদুল আলম আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন, তবে অপর দুই আসামি আদালতে হাজিরা দিয়েছেন।
উল্লেখ্য, ২০২১ সালের ১৪ জুন নাসির উদ্দিন ও অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে সাভার থানায় মামলাটি দায়ের করেছিলেন পরীমণি। তদন্ত শেষে ওই বছরের ৬ সেপ্টেম্বর সাভার থানার ইন্সপেক্টর কামাল হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২২ সালের ১৮ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হয়। ওই বছরের ২৯ নভেম্বর পরীমণির সাক্ষ্যগ্রহণ শুরু হলেও তা এখনো শেষ হয়নি। উল্লেখ্য, এই মামলার বিচার কার্যক্রম রুদ্ধদ্বার কক্ষে বা ক্যামেরা ট্রায়ালে পরিচালিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২