
নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদী এবং জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া অন্যদের মধ্যে রয়েছেন সংগঠনটির ভাইস চেয়ারম্যান ডা. নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান এবং সাংগঠনিক সম্পাদক আতাপ মণ্ডল ও হরিদাস সরকার। বুধবার ৫ আগস্ট শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার ৪ আগস্ট রাতে বাবুল সরকার নামে এক ব্যক্তি শাহবাগ থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতেই অভিযুক্তদের গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে যে, আসামিরা উসকানিমূলক স্লোগান ও মিছিলের মাধ্যমে সরকারবিরোধী কর্মকাণ্ড এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও দাবি করা হয়, বাদী বাবুল সরকার এবং রাষ্ট্র সংলাপ ফোরামের (এসডিএফ) কেন্দ্রীয় সদস্যসচিব আল নুর মোহাম্মদ আয়াসসহ কয়েকজন প্রতিবাদ জানালে আসামিরা তাদের ওপর দেশীয় অস্ত্র, লাঠি, এসএস পাইপ, চেয়ার ও হকিস্টিক নিয়ে হামলা চালান। এতে আল নুর মোহাম্মদ আয়াসসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় আয়াসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রায় তিন ঘণ্টা অবস্থানের পর অতিরিক্ত পুলিশি নিরাপত্তায় শান্তা ফারজানাসহ ছয়জনকে সেখান থেকে থানায় নেওয়া হয়। মূলত মঙ্গলবার নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্র সংলাপ ফোরামের নেতাকর্মীদের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতেই এই মামলা দায়ের ও গ্রেপ্তারের প্রক্রিয়া সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২