
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্যানসার কেয়ার অ্যান্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশ (সিসিআরটিবি) ইবি স্টুডেন্ট চ্যাপ্টারের উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। ‘One Man, One Plant – Plant Today, Protect Tomorrow’ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবন সংলগ্ন এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং সংগঠনের স্বেচ্ছাসেবকরা অংশ নেন।
এই কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন বিজ্ঞান ভবন (ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবন) থেকে শুরু করে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবন পর্যন্ত রাস্তার দুই পাশে শতাধিক 'রক্তকাঞ্চন' ফুলের চারা রোপণ করা হয়। সিসিআরটিবি ইবি স্টুডেন্ট চ্যাপ্টারের সভাপতি মো. মেহেদী হাসানের নেতৃত্বে আয়োজিত এই কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টামণ্ডলী ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিম, অধ্যাপক ড. মো. রকিবুল ইসলাম এবং অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
বৃক্ষরোপণকালে সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিম বলেন, গাছ কেবল অক্সিজেনের উৎস নয়, এটি সুস্থ ও টেকসই ভবিষ্যতের প্রতীক। জলবায়ু পরিবর্তনের এই বৈশ্বিক সংকটে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের এ ধরনের ইতিবাচক উদ্যোগ পরিবেশ সুরক্ষায় অনন্য অবদান রাখবে। এই কার্যক্রমের জন্য তিনি সংগঠনের নতুন কমিটির ভূয়সী প্রশংসা করেন।
অপর উপদেষ্টা অধ্যাপক ড. মো. রকিবুল ইসলাম মন্তব্য করেন, পরিকল্পিতভাবে সৌন্দর্যবর্ধক গাছ লাগানোর মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও নান্দনিক ও পরিবেশবান্ধব করে গড়ে তোলা সম্ভব। তিনি আশা প্রকাশ করেন, আগামীতে অন্যান্য ছাত্রসংগঠনও পরিবেশ রক্ষায় এমন প্রশংসনীয় উদ্যোগে এগিয়ে আসবে।
সংগঠনের ইবি শাখার সভাপতি মো. মেহেদী হাসান বলেন, ক্যাম্পাসের সৌন্দর্য বাড়ানো এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার লক্ষ্যেই তাদের এই উদ্যোগ। সিসিআরটিবি স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি সামাজিক ও পরিবেশগত দায়িত্ব পালনেও প্রতিশ্রুতিবদ্ধ। এই বৃক্ষরোপণ কর্মসূচি তাদের সবুজ ক্যাম্পাস বিনির্মাণের দীর্ঘমেয়াদি পরিকল্পনারই অংশ। তিনি মানবিক ও পরিবেশবান্ধব কাজে আগ্রহী শিক্ষার্থীদের তাদের সাথে যুক্ত হওয়ার আহ্বান জানান।
মেহেদী হাসান আরও উল্লেখ করেন, তারা কেবল চারা রোপণ করেই দায়িত্ব শেষ করবেন না; গাছগুলোর নিয়মিত পরিচর্যা নিশ্চিত করার পাশাপাশি পর্যায়ক্রমে ক্যাম্পাসের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানেও এ ধরনের বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখবেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২