
রাজধানীর মিরপুর-১০ এবং ফার্মগেট মেট্রোরেল স্টেশনে পাওয়া সন্দেহজনক বস্তুগুলোর সাথে গত ২৫ জুলাই মতিঝিল স্টেশনের নিচে উদ্ধার হওয়া আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস)-এর কোনো যোগসূত্র খুঁজে পায়নি ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। শনিবার বিকেলে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিটিটিসির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি জানিয়েছেন, সব ঘটনার তদন্ত এখনো চলমান রয়েছে।
এর আগে শনিবার দুপুরের দিকে মিরপুর-১০ স্টেশনের দ্বিতীয় তলায় একটি ব্যাগ এবং একই সময়ে ফার্মগেট স্টেশনের নিচতলায় একটি পিলারের পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পাওয়ার পর সিটিটিসির বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-চালিয়ে জানায়, বস্তু দুটিতে কোনো বিস্ফোরক বা ক্ষতিকর উপাদান ছিল না। নিরাপত্তার স্বার্থে মিরপুর-১০ স্টেশনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হলেও তল্লাশি শেষে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ শামসুল হক জানান, মিরপুর-১০ স্টেশনে পাওয়া ব্যাগে পান-জর্দার কৌটাসহ সাধারণ কিছু জিনিসপত্র ছিল এবং ফার্মগেটের বস্তায় কেবল আবর্জনা পাওয়া গেছে। কোথাও বিস্ফোরক না পাওয়ায় এই ঘটনাগুলোর মধ্যে কোনো সম্পর্কের প্রমাণ মেলেনি। তিনি আরও জানান, মতিঝিলের আইইডি উদ্ধারের ঘটনাটি সিটিটিসি, গোয়েন্দা বিভাগ (ডিবি) এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো যৌথভাবে তদন্ত করছে। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়।
সন্দেহভাজনদের শনাক্তের বিষয়ে তিনি বলেন, সিসিটিভি ফুটেজসহ সব তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে এবং তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে। এছাড়া সন্ত্রাসবাদ, সাইবার অপরাধ ও আন্তঃদেশীয় অপরাধ দমনে সিটিটিসির অভিযান অব্যাহত রয়েছে এবং গোয়েন্দা নজরদারি ও সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে। পলাতক জঙ্গিদের গ্রেপ্তারেও নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
শনিবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সিটিটিসির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামসুল হক এ তথ্য জানান।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২