
ভারতে মাওবাদী সংগঠনের একমাত্র জীবিত পলিটব্যুরো সদস্য মিসির বেসরাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঝাড়খণ্ডের ধানবাদ-গিরিডি সীমানার জঙ্গল থেকে তাকে এবং তার দুই কমান্ডারকে গ্রেফতার করা হয়। মিসির বেসরার মাথার দাম ঘোষণা করা হয়েছিল এক কোটি রুপি। তাকে গ্রেফতার করা মাওবাদী মুক্ত ভারতের লক্ষ্যে একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত প্রায় দুই দশক ধরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন মিসির বেসরা। সম্প্রতি পুলিশের কাছে গোয়েন্দা তথ্য আসে যে, এই শীর্ষ মাওবাদী নেতা ঝাড়খণ্ডের পারশনাথ পাহাড় সংলগ্ন জঙ্গলে কয়েকজন সঙ্গীকে নিয়ে লুকিয়ে আছেন। এই তথ্যের ভিত্তিতে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ), গিরিডি ও ধানবাদ পুলিশ যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে। মঙ্গলবার রাত ৯টার দিকে ধানবাদ-গিরিডি সীমানার জঙ্গল দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় পুলিশ তাকে সহযোগীদেরসহ হাতেনাতে ধরে ফেলে।
মিসির বেসরা মাওবাদী সংগঠনের ভেতরে ‘ভাস্কর’ ও ‘সাগর’ নামেও পরিচিত। এর আগে ২০০৭ সালে ঝাড়খণ্ডে একবার গ্রেফতার হয়েছিলেন তিনি। তবে ২০০৯ সালে বিহারের লখিসরাই জেলা আদালতে একটি মামলায় হাজিরা দিতে নিয়ে যাওয়ার সময় মাওবাদীরা আদালত চত্বরে অতর্কিত হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়।
উল্লেখ্য, ভারতে মাওবাদীদের নির্মূল করতে গত এক বছর ধরে দিল্লি সরকার নিরন্তর অভিযান চালিয়ে আসছে। এই অভিযানে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাওবাদী সংগঠনের প্রায় সব শীর্ষ নেতা নিহত অথবা গ্রেফতার হয়েছেন। এনকাউন্টারে মারা গেছেন কয়েক শত মাওবাদী কমান্ডার ও ক্যাডার। তবে দলের একমাত্র জীবিত পলিটব্যুরো সদস্য মিসির বেসরা এতদিন জঙ্গলে আত্মগোপন করে ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২