
দেশের সিটি করপোরেশনের তালিকায় অগ্রাধিকার ভিত্তিতে যুক্ত হতে যাচ্ছে কক্সবাজার। প্রায় ১৫৭ বছরের পুরোনো কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে ইতোমধ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান।
ডা. জাহেদ উর রহমান জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্থানীয় সরকার বিভাগকে কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে এ-সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন দ্রুত পাঠানোর জন্য বলা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ এবং সংসদ সদস্যদের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্যসচিব মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত দপ্তরাদেশের মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে অন্যান্য উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমের তথ্যও তুলে ধরা হয়। গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ এবং দরিদ্র নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২ হাজার ৮২ কোটি ১২ লাখ টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে, যা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করবে। এছাড়া চট্টগ্রাম ওয়াসার মাসিক রাজস্ব আদায় ১৮-২০ কোটি টাকা থেকে বেড়ে ২৬ কোটি ৮০ লাখ টাকায় উন্নীত হয়েছে এবং দৈনিক পানি উৎপাদন গড়ে ৪৯ কোটি ৬০ লাখ লিটারে পৌঁছেছে, যা সংস্থাটির দাবি অনুযায়ী সর্বোচ্চ।
প্রশাসনিক পরিবর্তনের অংশ হিসেবে এলজিইডির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. বেলাল হোসেনকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পাশাপাশি মাহবুবের রহমান শামীমকে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশের ৬৩টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ সম্পন্ন হলো, বর্তমানে কেবল ঠাকুরগাঁও জেলা পরিষদের প্রশাসক নিয়োগ বাকি রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২