
ভিয়েতনামে ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করছে দেশটির সরকার। নতুন এই প্রস্তাব অনুযায়ী, এই বয়সের ব্যবহারকারীরা কোনো প্ল্যাটফর্মে পোস্ট করতে পারবেন না, অন্যের পোস্টে মন্তব্য করতে পারবেন না এবং কোনো ধরনের প্রতিক্রিয়া বা রিঅ্যাক্ট দিতে পারবেন না। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে একটি খসড়া ডিক্রি ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে তৈরি করা হয়েছে।
প্রস্তাবিত বিধিমালা অনুযায়ী, ১৬ বছরের নিচে যে কোনো শিশুর সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট অবশ্যই তাদের বাবা-মা বা আইনগত অভিভাবকের তথ্য ব্যবহার করে নিবন্ধন করতে হবে। অভিভাবকরাই তাদের সন্তানের অনলাইন কনটেন্ট এবং প্ল্যাটফর্মে কাটানো সময়ের বিষয়টি তদারকি করবেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনা প্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তিগত সক্ষমতা ব্যবহার করে শিশু ব্যবহারকারীদের শনাক্ত করতে হবে এবং তাদের বয়স উপযোগী কনটেন্ট প্রদর্শন নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) এই বিধিমালা নিয়ে আয়োজিত এক বৈঠকে ভিয়েতনামের উপ-সংস্কৃতিমন্ত্রী ফান তাম বলেন, তাদের প্রধান উদ্দেশ্য শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার পুরোপুরি বন্ধ করা নয়, বরং তাদের অনলাইন ব্যবহারের পরিবেশকে নিরাপদ রাখা এবং অনুপযুক্ত ঝুঁকি থেকে সুরক্ষা প্রদান করা। ডিক্রিতে শিশুদের অ্যাকাউন্টের গোপনীয়তা রক্ষার সর্বোচ্চ নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সহিংসতা, পর্নোগ্রাফি, জুয়া, মাদক ও আত্মহত্যার মতো ক্ষতিকর কনটেন্ট থেকে শিশুদের দূরে রাখতে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে প্রতিষ্ঠানগুলোকে।
অনলাইন গেমিংয়ের ক্ষেত্রেও নতুন বিধিনিষেধের প্রস্তাব করা হয়েছে। এর আওতায় গেম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে ব্যবহারকারীর বয়স যাচাই করতে হবে। ১৬ বছরের কম বয়সীদের ক্ষেত্রে অভিভাবকের মাধ্যমে অ্যাকাউন্ট নিবন্ধন বাধ্যতামূলক এবং একই প্রতিষ্ঠানের গেমে প্রতিদিন সর্বোচ্চ ৬০ মিনিট খেলার সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে।
বিশ্বজুড়ে শিশুদের অনলাইন নিরাপত্তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব নিয়ে সরকারগুলোর উদ্বেগের অংশ হিসেবেই ভিয়েতনামের এই উদ্যোগ সামনে এল। এর আগে ফ্রান্স গত মঙ্গলবার ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আইন পাস করেছে এবং অস্ট্রেলিয়া ইতিপূর্বে এমন পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়া আরও কয়েকটি দেশ একই ধরনের পদক্ষেপ নেয়ার পথে রয়েছে। তবে ভিয়েতনামের এই খসড়া ডিক্রি এখনো চূড়ান্ত হয়নি এবং অনুমোদনের আগে এতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২