
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র আইনের মামলার অভিযোগ গঠন শুনানি পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৪-এ বুধবার (২২ জুলাই) এই শুনানি হওয়ার কথা ছিল, তবে বিচারক মঈন উদ্দিন চৌধুরী আগামী ২৩ আগস্ট পরবর্তী দিন ধার্য করেছেন।
আদালত সূত্রে জানা যায়, শুনানির দিনে আসামিপক্ষের আইনজীবীরা সময়ের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম (কাইয়ুম) এই আবেদনের বিরোধিতা করলেও উভয় পক্ষের শুনানি শেষে বিচারক নতুন তারিখ নির্ধারণ করেন। এর আগে, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা মহানগর হাজতখানা থেকে আনিসুল হককে আদালতে হাজির করা হয়।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ২৫ আগস্ট জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য ইস্যু করা সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়। একইসঙ্গে সংশ্লিষ্ট লাইসেন্সের আওতাভুক্ত সব অস্ত্র ও গোলাবারুদ ৩ সেপ্টেম্বরের মধ্যে থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশনা অমান্য করলে অস্ত্রটিকে অবৈধ গণ্য করে মামলা করার কথা উল্লেখ ছিল প্রজ্ঞাপনে।
অভিযোগে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে আনিসুল হক তার লাইসেন্সধারী অস্ত্র ও গোলাবারুদ বনানী থানা বা অন্য কোনো থানায় জমা দেননি এবং এ বিষয়ে কোনো তথ্যও জানাননি। পরবর্তীতে তার লাইসেন্সে দেওয়া ঠিকানায় গিয়েও কাউকে পাওয়া যায়নি। এই ঘটনায় চলতি বছরের ২৪ মে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. জানে আলম দুলাল বাদী হয়ে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২