
জুলাই সনদের বিষয়ে সরকার বা সরকারি দল এবং বিরোধী দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে আসা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর উত্তরা আইইউবিটি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি এবং তারুণ্যের স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে আলোচনা সভা ও সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, জুলাই সনদ অত্যন্ত প্রয়োজনীয়। এটি নিয়ে সরকার এবং বিরোধী দলগুলো আলোচনা করতে পারে। যদি সেখানে আরও কিছু সংযোজন করার থাকে, তবে তা নিয়ে আলোচনার মাধ্যমে আইনি বা সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করে জুলাই সনদ প্রতিষ্ঠা করতে হবে। তিনি আরও বলেন, এই কাজগুলো দ্রুত করা দরকার, কারণ নানা ছিদ্রপথে গণতন্ত্রবিরোধী শক্তির পুনরুত্থান ঘটতে পারে। বাইরে থেকে মদদ ও অর্থের বিনিময়ে তারা আবারও শক্তিশালী হয়ে উঠতে পারে।
জুলাই-আগস্টের পরিবর্তনের মাধ্যমে গণতন্ত্রের কিছুটা আলো দেখানোর চেষ্টা হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, এখন কমপক্ষে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা রয়েছে। কাউকে এখন আর জোরালো সমালোচনা করার কারণে গুম বা বিচারবহির্ভূত হত্যার শিকার হতে হয় না। জুলাই আমাদের কথা বলা ও সমালোচনা করার অধিকার নিশ্চিত করেছে, যা একটি গণতান্ত্রিক সমাজের অপরিহার্য উপাদান।
বিএনপির এই নেতা বলেন, জুলাইয়ের তাৎপর্য অত্যন্ত গভীর। রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশের জন্য আমাদের বাকি কাজগুলো সম্পন্ন করতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম কিছু ইস্যুতে সমঝোতা বা আন্ডারস্ট্যান্ডিং থাকা জরুরি। তা না থাকলে গণতন্ত্র বিপন্ন হওয়ার পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষাও বিঘ্নিত হতে পারে।
সেমিনারে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী আহমেদ (মিষ্টি) এবং এ্যাব নেতা ইঞ্জিনিয়ার আবু সাঈদ চঞ্চল।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২