আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, ভারী বর্ষণের ঝুঁকিতে কয়েকটি বিভাগ
- আপডেট সময় : ০৪:৩০:৫৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকার পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় বিরাজ করায় আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সময়ে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী এমনকি কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে।
সোমবার (২০ জুলাই) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে দেশের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আগামী ২১ জুলাইও একই ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে, যেখানে দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি ও কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার কথা বলা হয়েছে।
পরবর্তী দিনগুলোতেও বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকবে। ২২ জুলাই খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ২৩ ও ২৪ জুলাইও খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং দেশের অন্যান্য বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে এই তিন বিভাগে মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পাঁচ দিন পরও দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এমতাবস্থায় সংশ্লিষ্টরা নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নদী অববাহিকায় পানি বৃদ্ধির পরিস্থিতির ওপর বিশেষ নজর রাখার পরামর্শ দিয়েছেন।




























