
রাজধানীর মতিঝিলে চাঁদা না পেয়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি চালানোর অভিযোগে গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) জামশেদ আলমের আদালত এই আদেশ দেন। সিএমএম আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। রিমান্ডে যাওয়া দুই আসামি হলেন মো. তানিম রেজা ওরফে বাপ্পী (৪৬) এবং মো. রাকিবুল ইসলাম ভূঁইয়া ওরফে রিজন (৩৫)।
মামলার তদন্ত কর্মকর্তা ও মতিঝিল থানার এসআই মোমিনুর রহমান আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলেন। শুনানি শেষে আদালত এই আবেদন মঞ্জুর করেন। রিমান্ড আবেদনে বলা হয়, মামলার বাদী মো. ইসমাইল হোসেন মতিঝিলের ব্রাদার্স ইউনিয়ন ক্লাবসংলগ্ন কোরবানির অস্থায়ী পশুর হাটের ইজারাদার। গত ১৯ মে তাকে হোয়াটসঅ্যাপে কল করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে এবং হাটে অংশীদার হতে অস্বীকৃতি জানালে তাকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ২০ মে তিনি মতিঝিল থানায় মামলা করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১৯ মে ভোরে দক্ষিণ কমলাপুরে বাদীর প্রতিষ্ঠান ‘এআই কার্গো সার্ভিস’-এর তালা ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর চালানো হয়। একই দিন সকাল সাড়ে ছয়টার দিকে প্রতিষ্ঠানটি লক্ষ্য করে চারটি গুলি ছোড়া হয়, এতে জানালার কাচ ও আসবাব ক্ষতিগ্রস্ত হয়। তদন্ত কর্মকর্তা জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের সম্পৃক্ততা পাওয়া গেছে। শুক্রবার দিলকুশার হোটেল পূর্বাণীর সামনে থেকে তানিম রেজাকে এবং পরে তার দেওয়া তথ্যে দক্ষিণ কমলাপুর থেকে রাকিবুল ইসলাম ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইস্টার্ন কমলাপুর হাউজিংয়ের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি, একটি ইলেকট্রিক শক গান ও একটি কুড়াল উদ্ধার করা হয়েছে। রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা আরও উল্লেখ করেন, ঘটনার মূল পরিকল্পনাকারী, পলাতক সহযোগী, অস্ত্রের উৎস এবং চাঁদাবাজি চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করতে আসামিদের জিজ্ঞাসাবাদ করা জরুরি। এদিকে, তানিম রেজা ও রাকিবুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে মতিঝিল থানায় আরেকটি মামলা দায়ের করেছেন এসআই মোমিনুর রহমান। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২