

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের পোশাক খাতের প্রসারে যে যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছিলেন, তারই ধারাবাহিকতায় বর্তমানে এই শিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তিতে পরিণত হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বাংলাদেশ অ্যাপারেল জেনারেল ম্যানেজারস অ্যাসোসিয়েশন (বাগমা) আয়োজিত ‘বাগমা অ্যানুয়াল প্রোগ্রাম ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল ‘আরএমজি ৩৬০ ডিগ্রি: চ্যালেঞ্জ অ্যান্ড অপরচুনিটি’। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় শক্তি হলো তাদের উদ্ভাবনী ক্ষমতা ও কঠোর পরিশ্রম করার মানসিকতা। সঠিক পরিকল্পনা ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা গেলে এ দেশের মানুষ যেকোনো চ্যালেঞ্জ জয় করতে সক্ষম। তিনি আরও বলেন, বিগত সরকারের সময়ে শিল্প খাতে নানা ধরনের অনিয়ম ও সংকট তৈরি হয়েছিল। তবে বর্তমান সরকার শিল্প ও অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই খাত দ্রুতই সব সংকট কাটিয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে যমুনা গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) আব্দুল হাকিম বলেন, দেশের পোশাকশিল্পের টেকসই প্রবৃদ্ধির জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অত্যন্ত জরুরি। বাগমা দক্ষ জেনারেল ম্যানেজার তৈরির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সেমিনারে উপস্থিত বক্তারা দেশের শিল্প খাতের বর্তমান প্রধান সংকট হিসেবে গ্যাস সরবরাহের ঘাটতিকে চিহ্নিত করেন। তারা বলেন, গ্যাসের তীব্র সংকটের কারণে তৈরি পোশাক কারখানাগুলো নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। এই খাতের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার তাগিদ দেন তারা। সেমিনারে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) সভাপতি আব্দুল হামিদ পিন্টু, বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল এবং বিজিএমইএর প্রতিনিধি ও ইমপ্রেস নিউটেক্সের পরিচালক নাসির উদ্দৌলা।
এর আগে বিকেল ৪টায় অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাগমোর প্রধান উপদেষ্টা ওমর ফারুক সিদ্দিকী। সংগঠনটির সভাপতি মো. জোবায়ের পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও বাগমা ইনস্টিটিউটের চেয়ারম্যান পারভেজ লাবু এবং সিনিয়র সহসভাপতি মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে বিদেশি কূটনীতিক, দেশের শীর্ষস্থানীয় পোশাকশিল্পের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২