
বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত সরকারি সব ধরনের সহযোগিতা কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (১৭ জুলাই) চট্টগ্রামের লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
পরিস্থিতি তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে ৭ লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। বন্যায় ঘরবাড়ি ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি কৃষকদের ফসলের ক্ষতি এবং গবাদি পশু ও মুরগির খামারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রেক্ষাপটে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে বলে তিনি উল্লেখ করেন।
ত্রাণ কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে তিনি জানান, এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার পরিবারকে চাল এবং ৭৫ হাজার পরিবারকে শুকনো খাবার সরবরাহ করা হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতির সাথে সাথে কৃষকদের জন্য সার ও বীজের ব্যবস্থা করা হচ্ছে, যা কৃষি মন্ত্রণালয় তদারকি করছে। এছাড়া, বন্যার পরবর্তী সময়ে বিভিন্ন রোগ-ব্যাধি মোকাবেলার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কেও প্রস্তুত রাখা হয়েছে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, জেলা প্রশাসক জাহেদুল ইসলাম মিয়া, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাত হোসাইন স্বাধীন এবং চট্টগ্রাম মহানগর, দক্ষিণ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২