
রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যদের ডাকা কর্মবিরতির কারণে মঙ্গলবার সকাল ৬টা থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে।
জানা গেছে, শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন এবং সংগঠনের আয়-ব্যয়ের হিসাব নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই উত্তেজনার জেরে সোমবার সন্ধ্যায় কয়েক ঘণ্টার জন্য রাজশাহী থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তীতে জেলা প্রশাসনের মধ্যস্থতায় রাত ৮টার দিকে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক হলেও, শ্রমিকদের একটি অংশ মঙ্গলবার সকাল ৬টা থেকে পুনরায় কর্মবিরতি শুরু করে।
জেলা সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানিয়েছেন, জেলা প্রশাসনের উদ্যোগে একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু শ্রমিকদের একটি পক্ষ এর বিরোধিতা করে কাউন্টারে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। তিনি দাবি করেন, এর পেছনে বহিরাগত এবং আওয়ামী লীগ সমর্থকরা জড়িত থাকতে পারে। নজরুল ইসলাম আরও বলেন, শ্রমিকরা যে আয়-ব্যয়ের হিসাব চেয়েছিলেন, তা দেওয়ার জন্য তারা প্রস্তুত ছিলেন।
এই পরিস্থিতি নিয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তারি বেগম জানিয়েছেন, বিষয়টি মীমাংসা হয়ে গেছে। তবে মঙ্গলবারের কর্মবিরতি বা শ্রমিকদের এই নতুন কর্মসূচি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পুলিশের এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২