Header Premium (728×90)

Categories: মতামত

ব্রাজিলের নির্বাচনে ফিলিস্তিন কেন অন্যতম প্রধান ইস্যু

লাতিন আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলের অভ্যন্তরীণ রাজনীতিতে এক তীব্র ও মেরুকৃত নির্বাচনী লড়াই শুরু হয়েছে। দেশের অর্থনীতি, জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ নানা সংকটের পাশাপাশি এই লড়াইয়ে নাটকীয়ভাবে যুক্ত হয়েছে হাজার হাজার কিলোমিটার দূরের এক ভূরাজনৈতিক বিষয়—ফিলিস্তিন ইস্যু। বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা এবং সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে, ডানপন্থী প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোর মধ্যকার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় ফিলিস্তিন ও ইসরায়েলকে কেন্দ্র করে তৈরি হয়েছে সুস্পষ্ট বিভাজনরেখা।

সর্বশেষ ডেটাফোলহা জরিপ অনুযায়ী, ব্রাজিলের এই নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। জরিপে ওয়ার্কার্স পার্টির (পিটি) প্রার্থী লুলার পক্ষে ৩৯ শতাংশ ভোটার সমর্থন দেখিয়েছেন। অন্যদিকে খুব বেশি পিছিয়ে নেই লিবারেল পার্টির (পিএল) প্রার্থী ফ্লাভিও বলসোনারো, তাঁর ঝুলিতে রয়েছে ৩৫ শতাংশ সমর্থন। এই প্রতিদ্বন্দ্বিতা এমন এক সময়ে ঘটছে, যখন সমগ্র লাতিন আমেরিকার রাজনৈতিক মানচিত্র ডানপন্থার শক্তিশালী পুনরুত্থানের মধ্য দিয়ে যাচ্ছে। চিলিতে হোসে অ্যান্টোনিও কাস্ট, আর্জেন্টিনায় জাভিয়ের মিলেই এবং কলম্বিয়ায় ডানপন্থী শক্তির উত্থানের পাশাপাশি দীর্ঘদিনের মিত্র নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত ও গ্রেপ্তার হওয়ার পর ভেনেজুয়েলাও এক নজিরবিহীন রাজনৈতিক পরিবর্তনের মুখোমুখি হয়েছে।

এই পরিবর্তনশীল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ব্রাজিলের নির্বাচন কেবল দেশের সর্বোচ্চ পদের লড়াইয়ে সীমাবদ্ধ নেই। এটি নির্ধারণ করবে বিশ্বমঞ্চে গ্লোবাল সাউথ বা বৈশ্বিক দক্ষিণের অন্যতম প্রভাবশালী এই দেশ ফিলিস্তিন, ইসরায়েল এবং আন্তর্জাতিক আইনের ভবিষ্যৎ নিয়ে কী অবস্থান নেবে। ডানপন্থী ফ্লাভিও বলসোনারো তাঁর নীতি স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন, তিনি নির্বাচিত হলে ইসরায়েলের সঙ্গে ব্রাজিলের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক বহুগুণ শক্তিশালী করবেন। এমনকি ২০২৭ সাল থেকেই তেল আবিব থেকে ব্রাজিলের দূতাবাস জেরুজালেমে স্থানান্তরিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি, যা ব্রাসিলিয়াকে পুরোপুরি ইসরায়েলের অক্ষের দিকে ঝুঁকিয়ে দেবে।

বিপরীত মেরুতে অবস্থান করছেন বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তিনি ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ব্রাজিলের ঐতিহ্যবাহী নীতি ধরে রেখেছেন। দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে অবস্থান নিয়ে তিনি গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে আসছেন। উল্লেখ্য, ২০১০ সালে ব্রাজিল আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় এবং ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কূটনৈতিক অবস্থান আজও বহাল রেখেছে।

মিডল ইস্ট মনিটরকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ব্রাজিলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিসকো রেজেক বলেন, ব্রাজিলের রাজনৈতিক ডান ও বামপন্থীদের আদর্শিক দ্বন্দ্বে ফিলিস্তিন প্রশ্নটি এখন সবচেয়ে নাটকীয় ও সংবেদনশীল বিষয়ে পরিণত হয়েছে। তাঁর মতে, এই বিরোধের মূলে রয়েছে ব্রাজিলের নিজস্ব পররাষ্ট্রনীতির ঐতিহাসিক ঐতিহ্যের ভবিষ্যৎ। ব্রাজিলের বামপন্থী ও মূলধারার মধ্যপন্থী শক্তিগুলো এখনো এমন একটি কূটনৈতিক ঐতিহ্য বহন করছে যা রাজতন্ত্রের যুগ থেকেই স্বাধীনতা, নিরপেক্ষতা, অনানুগত্য এবং আন্তর্জাতিক আইনের প্রতি পরম শ্রদ্ধার ওপর প্রতিষ্ঠিত।

সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর চার বছরের মেয়াদেও এই ঐতিহ্য পুরোপুরি ছিন্ন করা সম্ভব হয়নি বলে উল্লেখ করেন রেজেক। এর্নেস্তো আরাউজো যখন ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, সেই সময়টিকে ‘একটি চরম লজ্জাজনক অধ্যায়’ হিসেবে বর্ণনা করে রেজেক জানান, শেষ পর্যন্ত বলসোনারো আরাউজোকে সরিয়ে কার্লোস ফ্রাঙ্কাকে আনতে বাধ্য হন, যিনি ব্রাজিলের ঐতিহাসিক কূটনীতির প্রতি অনুগত একজন পেশাদার কূটনীতিক ছিলেন।

রেজেক আরও সতর্ক করেন যে ওয়াশিংটন যখন পুরো লাতিন আমেরিকায় তাদের প্রভাব পুনরুত্থান করতে চাইছে এবং আর্জেন্টিনার জাভিয়ের মিলেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম প্রধান আঞ্চলিক মিত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তখন ফ্লাভিও বলসোনারো ব্রাজিলকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অতি ঘনিষ্ঠ করতে চাইছেন। এটি লুলার গ্লোবাল সাউথমুখী ও বহুপক্ষীয় নীতির সম্পূর্ণ বিপরীত। রেজেক কট্টর ডানপন্থীদের পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করে বলেন, এই রাজনৈতিক গোষ্ঠী আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বিতর্কিত শক্তির সঙ্গে নিজেদের যুক্ত করছে। তিনি ট্রাম্প ও মিলেইয়ের মতো নেতাদের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, তাঁরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কর্মকাণ্ডকে মদদ দিচ্ছেন।

নির্বাচনে জয়ী হলে ফ্লাভিও বলসোনারো ‘ব্রাজিলিয়ান ইসরায়েলি কনফেডারেশন’-এর প্রধানকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার যে ইচ্ছা প্রকাশ করেছেন, তারও কঠোর সমালোচনা করেছেন রেজেক। তিনি এটিকে চিকিৎসাবিজ্ঞানের চেয়ে সংগঠিত জায়নবাদী লবিকে শ্রদ্ধা জানানোর একটি প্রয়াস বলে মন্তব্য করেন। গাজা সংঘাতকে মানবজাতির ইতিহাসের ‘সবচেয়ে ঘৃণ্য গণহত্যা’ হিসেবে অভিহিত করে রেজেক ক্ষোভ প্রকাশ করেন যে পশ্চিমারা নিষ্ক্রিয় হয়ে এই সহিংসতা প্রত্যক্ষ করছে, যা এখন লেবাননসহ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। তবে ব্রাজিলের শক্তিশালী কূটনৈতিক প্রতিষ্ঠানগুলোর ওপর ভরসা রেখে তিনি আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে কোনো ডানপন্থী সরকার ক্ষমতায় এলেও দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তার ঐতিহ্যগত মর্যাদা ও সংযম ধরে রাখতে পারবে। এই প্রতিবেদনটি মিডল ইস্ট মনিটরের ব্রাজিল প্রতিনিধি ইমান আবুসিদুর পাঠানো তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

এআই-এর যুগেও নিজের অবস্থানে অনড় ‘লিপস্টিক কিং’ লি জিয়াকি

চীনের লাইভস্ট্রিম শপিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন সুপারস্টার লি…

23 minutes ago

টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের শুনানি আজ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ…

35 minutes ago

যুক্তরাষ্ট্রে শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা, আলোচনায় বাণিজ্যসহ নানা ইস্যু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা জানিয়েছেন। ঐতিহাসিক এই সফরে…

40 minutes ago

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তানের আবরার, পেছনে ফেললেন রশিদকে

পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। তিনি আফগানিস্তানের…

1 hour ago

টানা সাত দিন কমল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে টানা সাত দিন ধরে জ্বালানি তেলের দাম কমছে। ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই ক্রুডের…

1 hour ago

মহানবী (সা.)-এর ইনসাফ: মানবজাতির জন্য অনুপম আদর্শ

মানবজাতির জন্য ন্যায় ও সাম্য প্রতিষ্ঠার এক অনুপম আদর্শ হিসেবে মহানবী মুহাম্মাদ (সা.)-এর জীবনকে তুলে…

1 hour ago

This website uses cookies.