
আজ ১৫ই আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে ধানমণ্ডির ৩২ নম্বরের বাসভবনে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই দিনটিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি পোস্ট দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার দুপুর ২টা ৩৪ মিনিটে তিনি এই পোস্টটি দেন।
পোস্টে ড. আসিফ নজরুল স্বাধীনতার স্থপতি হিসেবে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার কথা উল্লেখ করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না বলে তিনি বিশ্বাস করেন। ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনে বঙ্গবন্ধুর অবদানকে তিনি অতুলনীয় ও অনস্বীকার্য বলে অভিহিত করেন। তিনি উল্লেখ করেন, গণতন্ত্র, মানুষের অর্থনৈতিক মুক্তি এবং ভিন্নমতের প্রতি বঙ্গবন্ধুর সুস্পষ্ট কমিটমেন্ট ছিল, যার প্রতিফলন ১৯৭২ সালের ৪ নভেম্বর পর্যন্ত গণপরিষদের বিতর্কের দলিলেও পাওয়া যায়।
তবে দেশ পরিচালনায় বঙ্গবন্ধুর দক্ষতার অভাব ছিল বলে মন্তব্য করেছেন ড. আসিফ নজরুল। তিনি লিখেছেন, ১৯৭১-পরবর্তী বাংলাদেশ পরিচালনা করা অত্যন্ত দুরূহ ছিল। কিন্তু তা সত্ত্বেও ১৯৭২ সাল থেকে বঙ্গবন্ধুর ক্রমে অত্যাচারী ও স্বৈরাচারী শাসকে পরিণত হওয়াকে কোনো কিছু দিয়ে জাস্টিফাই করা যায় না। তার শাসনামলের দুর্ভিক্ষ, নির্বিচার হত্যা এবং একদলীয় শাসন প্রতিষ্ঠার বাস্তবতাকেও কোনো কিছু দিয়ে আড়াল করা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।
ড. আসিফ নজরুল আরও বলেন, বঙ্গবন্ধুর কয়েক বছরের দুঃশাসনের স্মৃতি থাকা সত্ত্বেও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তার জীবনব্যাপী অবদানের জন্য বহু মানুষ তাকে ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন, যাদের মধ্যে তিনিও একজন। শেখ হাসিনার শাসনামলে এই ভালোবাসার প্রকাশ কঠিন হয়ে পড়েছিল বলে তিনি উল্লেখ করেন। আসিফ নজরুলের মতে, শেখ হাসিনার শাসন ছিল 'আইডেনটিটি-বেসড ফ্যাসিজম'-এর একটি নিকৃষ্ট উদাহরণ, যেখানে নিজের নিষ্ঠুর শাসনকে চাপিয়ে দিতে তিনি তার বাবাকে যথেচ্ছভাবে ব্যবহার করেছেন। এটিই বঙ্গবন্ধুকে জুলাই গণঅভ্যুত্থানের প্রতিপক্ষ করে তুলেছিল বলে দাবি করেন তিনি। আসিফ নজরুল লিখেছেন, 'বঙ্গবন্ধুর দ্বিতীয় মৃত্যু ঘটে শেখ হাসিনার আমলে, অনেকটা তারই হাতে।' সবশেষে তিনি বঙ্গবন্ধুর প্রতি দোয়া ও ভালোবাসা জানিয়ে পোস্টটি শেষ করেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২