চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নে অস্তিত্বহীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে বিসিআইসি সার ডিলারশিপ দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। জারা-ফারা এগ্রো নামের ওই প্রতিষ্ঠানটির বাস্তবে এলাকায় কোনো দোকান বা ব্যবসায়িক কার্যক্রমের অস্তিত্ব পাওয়া যায়নি। অথচ উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সুপারিশে প্রতিষ্ঠানটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
অভিযুক্ত জারা-ফারা এগ্রোর মালিক মো. টুটুল মিয়া জামবাড়ীয়া ইউনিয়নের হেলাচী গ্রামের বাসিন্দা হলেও তিনি সপরিবারে রাজশাহীতে বসবাস করেন। বড়গাছী বাজারে সরেজমিনে গিয়ে প্রতিষ্ঠানটির কোনো সাইনবোর্ড বা গুদামের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। আবেদনে উল্লেখিত গুদামের ঠিকানায় বর্তমানে মেসার্স মা ট্রেডার্স নামে অন্য একটি ব্যবসা প্রতিষ্ঠান চলছে। ওই দোকানের ভাড়াটিয়া আরিফুল ইসলাম লালটু জানান, তিনি ছয় বছর ধরে সেখানে ব্যবসা করছেন।
বড়গাছী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মিঠু জানান, টুটুল মিয়ার স্ত্রী রাজশাহী কলেজের সহকারী অধ্যাপক হওয়ায় তারা রাজশাহীতে থাকেন। বাজারে জারা-ফারা এগ্রো নামে কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই এবং টুটুল মিয়ার সারের ব্যবসার সঙ্গে কোনো সম্পৃক্ততা ছিল না। এছাড়া জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় সদস্যরাও এলাকায় এমন প্রতিষ্ঠানের অস্তিত্ব থাকার কথা অস্বীকার করেছেন। ডিলারশিপ বঞ্চিত মেসার্স মাহী এন্টারপ্রাইজের মালিক মেহেদী হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, বৈধ কাগজপত্র ও গুদাম থাকা সত্ত্বেও তিনি ডিলারশিপ পাননি, অথচ অস্তিত্বহীন প্রতিষ্ঠানকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে জারা-ফারা এগ্রোর মালিক টুটুল মিয়া দাবি করেন, নীতিমালা মেনেই তিনি আবেদন করে ডিলারশিপ পেয়েছেন। তবে অস্তিত্বহীন দোকানের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি ফোনে কথা বলতে অস্বীকৃতি জানান। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যসচিব ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুলতান আলী বলেন, নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাই করে তিনজনের নাম জেলা কমিটিতে পাঠানো হয়েছিল এবং মন্ত্রণালয় থেকে টুটুল মিয়াকে চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়েছে। এই বিষয়ে জানতে ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হোসেনের মুঠোফোনে একাধিকবার কল ও হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।
নাটোরের বড়াইগ্রামে তাবাসুম স্পেশাল ও দেশ ট্রাভেলসের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত এবং…
আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসরাইলের সাধারণ নির্বাচন। গাজা সংঘাতের প্রেক্ষাপটে এটি দেশটির ইতিহাসে…
স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের ফলে বাংলাদেশের রপ্তানি খাতে ৬৩৮ কোটি ডলারের ঝুঁকি তৈরি হতে…
গতকাল শুক্রবার ছুটির দিনে দেশের ৬টি জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন।…
ব্যালন ডি’অরের আসর বসছে লন্ডনে। গত মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে অবিশ্বাস্য পারফরম্যান্সের সুবাদে ব্যালন ডি’অর…
সৌদি আরবের দাম্মাম বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনি হুতিদের হামলায় দুই বাংলাদেশি আহত হওয়ার ঘটনায়…
This website uses cookies.