
সৌদি আরবে ইয়েমেনের হুতি গোষ্ঠীর অব্যাহত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় দাম্মামের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হামলায় দুই বাংলাদেশি নাগরিক আহত হওয়ার পর শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সরকারের এই কঠোর অবস্থানের কথা জানানো হয়।
হামলায় আহত দুই বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, আহতদের মধ্যে রয়েছেন কুমিল্লা জেলার বাঙ্গরাবাজার থানার রামচন্দ্রপুর গ্রামের সজল চন্দ্র দাস এবং নোয়াখালী সদর থানার গোবিগল্লপপুর গ্রামের মোহাম্মদ আব্দুর রহিম। বর্তমানে তারা দাম্মামের সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে জানা যায়, বৃহস্পতিবার ভোররাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তারা বুধবার সন্ধ্যায় দাম্মাম বিমানবন্দরে হামলার বিষয়টি প্রকাশ করে। বিভিন্ন আন্তর্জাতিক ও সৌদি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই হামলায় এক ভারতীয় ও একজন সৌদি নাগরিক নিহত হয়েছেন। এছাড়া দুই বাংলাদেশি ছাড়া আরও দুই ভারতীয়, দুই ইয়েমেনি, এক সৌদি ও এক নেপালি নাগরিক আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার দেওয়া বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলায় হতাহত ও ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি সৌদি সরকার ও সেদেশের জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছে। একইসঙ্গে আঞ্চলিক শান্তি রক্ষায় সব ধরনের বিমান হামলা অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়ে কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, এর আগে গত ১০ অক্টোবর সৌদি আরবের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের একই ধরনের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি প্রাণ হারান। তাদের মধ্যে শাহেদ আহম্মেদ নামের এক প্রবাসীর মরদেহ শুক্রবার বাংলাদেশে পৌঁছেছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২