
কক্সবাজারের ঈদগাঁও থানা হাজত থেকে আব্দুল্লাহ (১৬) নামের এক কিশোর আসামি পালিয়ে যাওয়ার পরদিন অভিযান চালিয়ে তাকে ফের আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে হাজত থেকে পালিয়ে যাওয়ার এই ঘটনায় পুলিশের দায়িত্বশীলতা নিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জন ও বিতর্কের সৃষ্টি হয়েছে। আটক কিশোর রামু উপজেলার উমখালী ৩ নম্বর ওয়ার্ডের গণি সওদাগরপাড়ার মো. কালু মিয়ার ছেলে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার হাজত থেকে আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে টয়লেটে যাওয়ার কথা বলে হাজত থেকে বের হয়ে কৌশলে ওই কিশোর পালিয়ে যায়। ঘটনার পর পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালায় এবং শুক্রবার বিকেলে রামু উপজেলার কলঘর মহাসড়ক এলাকা থেকে তাকে পুনরায় আটক করতে সক্ষম হয়।
কী অপরাধে তাকে আটক করা হয়েছিল—এমন প্রশ্নের জবাবে ওসি জানান, বিপুল পরিমাণ মদসহ তাকে আটক করা হয়েছিল। তবে বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, তাকে ‘আসামি’ হিসেবে উল্লেখ করা যাবে না, কারণ সে ১৬ বছর বয়সি শিশু এবং আইনের সঙ্গে সংঘাতভিত্তিক অপরাধে জড়িত। ওসির এমন বক্তব্যে সাংবাদিক ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে বিপুল পরিমাণ মদ ও পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাসহ তাকে আটক করা হয়েছিল। রাতের বেলা থানা হাজতের মতো সুরক্ষিত স্থান থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় জনমনে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, মাদক সিন্ডিকেট কিংবা প্রভাবশালী কোনো চক্রের সঙ্গে থানার অভ্যন্তরীণ কারও যোগসাজশে এই পালানোর সুযোগ তৈরি হয়েছে অথবা এটি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের চরম গাফিলতির ফল।
এদিকে, হাজত থেকে পালানোর পর দীর্ঘ সময় পর্যন্ত ঘটনাটি সংবাদমাধ্যমের আড়ালে রাখা এবং পুলিশের তল্লাশি অভিযানে কিশোরটির ছবি দেখালেও কী কারণে তাকে খোঁজা হচ্ছে তা সাধারণ মানুষের কাছে স্পষ্ট না করায় এলাকায় ধোঁয়াশা তৈরি হয়। এছাড়া সম্প্রতি ঈদগাঁও উপজেলায় ডাকাতি ও গরু চুরিসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে থানা প্রশাসনকে জরুরি ভিত্তিতে ঢেলে সাজানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ১৯: ২৮আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ১৯: ২৮
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২