
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফরকালে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী টোকিওতে থাকছেন না। সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে যে, তাকে এই সময়ে ঢাকায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে সফরের কূটনৈতিক বিষয়গুলো দেখাশোনা এবং সার্বিক সমন্বয়ের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলামকে বিশেষ দায়িত্ব দিয়ে টোকিওতে পাঠানো হয়েছে। কূটনৈতিক সূত্র অনুযায়ী, নজরুল ইসলাম ইতোমধ্যে জাপানে পৌঁছেছেন এবং সফর চলাকালে তিনিই দ্বিপক্ষীয় তদারকি ও কূটনৈতিক সহায়তার মূল দায়িত্ব পালন করবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৫ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে আলোচনার জন্য দাউদ আলীকে দ্রুত ঢাকায় ডেকে পাঠানো হয়। সেই নির্দেশের পরপরই তিনি জাপান থেকে দেশে ফিরে আসেন। তবে জ্যেষ্ঠ কর্মকর্তাদের মতে, তাকে ঢাকায় ডাকা হলেও সফরের প্রস্তুতিমূলক কোনো কাজে সম্পৃক্ত রাখা হয়নি।
সাবেক ও বর্তমান কূটনীতিকদের মতে, গত কয়েক দশকে কোনো প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময় সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রদূতের অনুপস্থিত থাকার এমন কোনো নজির নেই। এমনকি দায়িত্বরত রাষ্ট্রদূতকে ঢাকায় ডেকে এনে সফরের জন্য অন্য কাউকে বিশেষ দায়িত্ব দেওয়ার ঘটনাও বিরল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে ২৭ অক্টোবর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনার পরিকল্পনা রয়েছে। এছাড়া মেট্রোরেল প্রকল্পের খরচ ও ঋণের সুদের হার কমানোর বিষয়টিও আলোচনার টেবিলে থাকবে।
উল্লেখ্য যে, দাউদ আলী ও মো. নজরুল ইসলাম দুজনই বিসিএস ১৫তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। দাউদ আলী রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শেষে জাপানে যোগ দিয়েছিলেন এবং চলতি বছরের ৭ ডিসেম্বর তার অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২