
কক্সবাজারের ঈদগাঁও ও রামু উপজেলার পাহাড়ি জনপদের মধ্য দিয়ে যাওয়া ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে দিনের আলোয় একদল সশস্ত্র ডাকাত ব্যাপক লুটপাট চালিয়েছে। আজ সোমবার সড়কের হিমছড়ি ঢালায় দুই দফায় এ ঘটনা ঘটে। ডাকাতদের কবলে পড়ে অন্তত ৫০ থেকে ৬০টি যানবাহন, যার অধিকাংশই সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল। শতাধিক যাত্রীর নগদ অর্থ, মুঠোফোন এবং মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া হয়েছে। সন্ধ্যা পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ভুক্তভোগীদের ভাষ্যমতে, ১০ থেকে ১২ জনের একটি মুখোশধারী সশস্ত্র দল সড়কের গতিরোধ করে যাত্রীদের জিম্মি করে। এরপর তাঁদের পাশের জঙ্গলে নিয়ে মারধর করে মালামাল লুট করা হয়। স্থানীয়দের অভিযোগ, কয়েক ঘণ্টা ধরে এই লুটপাট চললেও ঘটনাস্থলে পুলিশের কোনো টহল ছিল না।
একটি বেসরকারি সংস্থার ঈদগড় শাখার ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম জানান, সোমবার দুপুর ১২টার দিকে ঈদগাঁও বাজার থেকে ঈদগড় যাওয়ার পথে হিমছড়ি ঢালায় ডাকাতদের কবলে পড়েন তিনি। এ সময় ডাকাতেরা তাঁদের মোটরসাইকেল থামিয়ে পাশের জঙ্গলে নিয়ে যায় এবং ১ লাখ ২০ হাজার টাকা, দুটি মুঠোফোন ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়। তিনি জানান, প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই তাণ্ডবে শতাধিক যাত্রী জিম্মি ছিলেন। একই সংস্থার হিসাবরক্ষক আবদুল হাকিম জানান, অটোরিকশায় যাওয়ার পথে তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করে ১ লাখ ৫০ হাজার টাকা ও ব্যাংকের চেকবই লুট করা হয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এ সড়কে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা অহরহ ঘটলেও নিরাপত্তার কোনো কার্যকর ব্যবস্থা নেই।
ঈদগড়ের বাসিন্দা মোহাম্মদ তারেক জানান, সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে তিনি একটি সিএনজিচালিত অটোরিকশায় যাওয়ার সময় হিমছড়ি ঢালায় ডাকাতদের কবলে পড়েন। মুঠোফোন হারানোর পর জীবন বাঁচাতে তিনি চলন্ত অটোরিকশা থেকে লাফিয়ে পালিয়ে যান। প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল ৮টা ও দুপুর ১২টার দিকে দুই দফায় প্রায় আড়াই ঘণ্টা ধরে এই ডাকাতির ঘটনা ঘটে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় দুর্বৃত্তরা সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে লুটপাট চালিয়ে জঙ্গলে আত্মগোপন করেছে। তাঁদের ধরতে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। ১৭ কিলোমিটার দীর্ঘ এই সড়কের গহিন বনাঞ্চল এলাকায় টহল জোরদার করা হয়েছে, তবে সন্ধ্যা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ কতটি যানবাহনে লুটপাট হয়েছে তা সুনির্দিষ্টভাবে নিশ্চিত করতে পারেনি।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২