
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকার কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসা ড. ইউনূসের দিকে এগিয়ে গিয়ে একদল ব্যক্তি উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন। বিক্ষোভকারীরা তাকে উদ্দেশ্য করে ‘ইউ আর আ টেরোরিস্ট’ এবং ‘হোয়াই ইউ কাম হিয়ার’ বলে চিৎকার করেন। এছাড়া, তারা ড. ইউনূসের বিরুদ্ধে দেশের গণতন্ত্র ধ্বংসের অভিযোগ তোলেন এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর ভূমিকা নিয়েও বিভিন্ন স্লোগান দেন। পরবর্তীতে তার সঙ্গে থাকা সহযোগীর সহায়তায় তিনি সামনের দিকে এগিয়ে যান।
সংবাদ সম্মেলনে ডা. জাহেদ উর রহমান বলেন, ড. ইউনূস বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করায় তাকে হেনস্তা করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, ড. ইউনূসের সরকারের কার্যক্রম নিয়ে গঠনমূলক বা যৌক্তিক সমালোচনা থাকতে পারে এবং তিনি নিজেও দেশে বসে সেই সমালোচনার সুযোগ দিয়েছেন। তবে এ ধরনের ব্যক্তিগত হেনস্তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
উপদেষ্টা উল্লেখ করেন যে, এর আগে সরকারের একজন গুরুত্বপূর্ণ প্রতিমন্ত্রী এবং জুলাই আন্দোলনে সংহতি প্রকাশকারী একজন অভিনেত্রীও একই ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন। সরকার এসব ঘটনাকে আওয়ামী লীগের সন্ত্রাস হিসেবে চিহ্নিত করছে। অভিনেত্রীর ঘটনায় ইতিমধ্যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং ড. ইউনূসের ক্ষেত্রেও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।
সাবেক প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের যে ভিভিআইপি মর্যাদা পাওয়ার কথা, যুক্তরাষ্ট্রে তার নিরাপত্তা ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কোনো ঘাটতি ছিল কি না, তা সরকার খতিয়ে দেখবে। বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের কেউ এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকলে তা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন ডা. জাহেদ উর রহমান।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২