
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির চাপায় স্বামী ও স্ত্রী প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের হরিপুর মসজিদের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৬২) এবং তার স্ত্রী ঝরনা বেগম (৪৮)। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, ফজরের নামাজ আদায়ের পর এই দম্পতি সকালে হাঁটতে বের হয়েছিলেন। তারা মহাসড়কের হরিপুর এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তারা সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
ঘটনার প্রায় এক ঘণ্টা পর পথচারীরা তাদের সড়কের পাশে পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় জিংলাতলী গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রেমলাল দাস জানিয়েছেন, অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি তারা অবগত হয়েছেন। মহাসড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ঘাতক গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২