
আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জননিরাপত্তার অভাব এবং নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২৩ অক্টোবর দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এই কর্মসূচির উদ্বোধন করবেন। সপ্তাহব্যাপী এই কার্যক্রমে দলের শীর্ষ নেতারা অংশ নেবেন।
রোববার বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় নাহিদ ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব আখতার হোসেন এমপির সঞ্চালনায় রাজনৈতিক পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী সদস্যদের মধ্যে রয়েছেন হাসনাত আব্দুল্লাহ এমপি, সারজিস আলম, নাসীরউদ্দীন পাটোয়ারী, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আব্দুল্লাহ আল আলামিন এমপি, আরিফ ইসলাম আদীব, সারোয়ার তুষার, নুসরাত তাবাসসুম এমপি, আলী আহসান জুনায়েদ ও সালেহ উদ্দিন সিফাত।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ অক্টোবর জনসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের উদ্যোগে শাহবাগে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।
এছাড়া আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঢাকাসহ সারাদেশের পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এনসিপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিয়োজিত থাকবেন। দলের শীর্ষ নেতারা স্ব স্ব নির্বাচনি এলাকায় পূজা মণ্ডপ পরিদর্শন করবেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।
সংগঠন পুনর্গঠনের বিষয়ে সভায় সিদ্ধান্ত হয়েছে যে, কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন ও দায়িত্ব বণ্টন চূড়ান্ত করা হয়েছে এবং আগামী ১৩ অক্টোবরের মধ্যে পুনর্গঠিত কমিটি ঘোষণা করা হবে। পাশাপাশি আগামী সপ্তাহে ১০০টি উপজেলা ও পৌরসভার স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের তালিকা তৈরির কাজে গতি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২