
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা জেলায় সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের দুর্নীতির অভিযোগ তুলেছেন। শনিবার বিকেলে কুষ্টিয়া শহরের জগতিস্থ মিলের গেটের সামনে জামায়াতে ইসলামীর আয়োজিত এক সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ করেন।
এমপি আমির হামজা দাবি করেন, নির্ভরযোগ্য সূত্রে তিনি জানতে পেরেছেন যে প্রতিটি ডিলারশিপ ১০ থেকে ১৫ লাখ টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে। তিনি বলেন, “আমাদের আইওয়াশ করা হয়েছে। আমার আসনে ১৪টি সারের ডিলার আছে, ১৪টিই বিক্রি হয়ে গেছে। এর সঙ্গে যারা জড়িত আছে, তদন্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।” বিশেষ করে নিয়োগ কমিটির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সংসদ সদস্যের এই অভিযোগের বিষয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান বলেন, “মাননীয় সংসদ সদস্যের অভিযোগ ভিত্তিহীন। শতভাগ সততার সঙ্গে কমিটি দায়িত্ব পালন করেছে। তিনি অভিযোগ প্রমাণ করতে না পারলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সমাবেশটিতে কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসাইন, জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা সেক্রেটারি এনামুল হক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম মহসিন আলী, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা শরিফুল ইসলাম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া শহর শাখার সভাপতি লাকনুর রহমানসহ জামায়াতে ইসলামীর বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২