
এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান কোনো শর্ত ছাড়াই জাতীয়করণ, নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান এবং অবসর ও কল্যাণ সুবিধা এককালীন পরিশোধের দাবিতে ধারাবাহিক আন্দোলনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের (বামাশিকফো) সভাপতি অধ্যক্ষ মাওলানা দেলাওয়ার হোসেন আজিজী। শনিবার বিকেলে ভোলার চরফ্যাশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের প্রতি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
অধ্যক্ষ মাওলানা দেলাওয়ার হোসেন আজিজী বলেন, দেশের ছয় লক্ষাধিক এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ সরকারি কর্মচারীদের তুলনায় তারা আর্থিক সুযোগ-সুবিধার দিক থেকে পিছিয়ে আছেন। তিনি শর্তহীনভাবে সব এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীকে জাতীয়করণের দাবি জানিয়ে বলেন, কোনো ধরনের বৈষম্য মেনে নেওয়া হবে না।
শিক্ষক নেতা আরও বলেন, সরকারি কর্মচারীদের আদলে এমপিওভুক্তদের বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা ও শিক্ষা ভাতাসহ সব আর্থিক সুবিধা নিশ্চিত করতে হবে। নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা নির্ধারণের পাশাপাশি চিকিৎসা ভাতার বৈষম্য নিরসনের দাবি জানান তিনি। এ ছাড়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ, ইবতেদায়ি শিক্ষার্থীদের উপবৃত্তি ও মিড-ডে মিল চালু এবং বদলি কার্যক্রম দ্রুত সম্পন্ন করার দাবি তুলে ধরেন তিনি।
আগামী ৩১ অক্টোবরের মধ্যে অবসর সুবিধা এককালীন পরিশোধের বিষয়ে ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়ে অধ্যক্ষ আজিজী বলেন, বদলির আদেশ জারিসহ শিক্ষকদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন মাদরাসার শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২