
ময়মনসিংহের গৌরীপুরে আড়াই বছর বয়সী শিশু ওয়াসকুরুনিকে বিষ খাইয়ে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ঘাতক সৎমা আকলিমা খাতুন। শুক্রবার ময়মনসিংহের ৪নং আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার তমার আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজের অপরাধ স্বীকার করেন। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামি আকলিমা খাতুন নিজের অপরাধ স্বীকার করে আদালতের কাছে হত্যাকাণ্ডের পুরো ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন।
ঘটনাটি ঘটে গত ৬ অক্টোবর দুপুরে গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের বীরপুর দত্তবাড়ি গ্রামে। নিহত শিশু ওয়াসকুরুনি ওই গ্রামের আব্দুল কাদিরের প্রথম স্ত্রীর সন্তান। মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, আকলিমা জবানবন্দিতে জানিয়েছেন, পারিবারিক কলহের জের ধরে প্রথম পক্ষের সন্তানের প্রতি তার ক্ষোভ ছিল। ভবিষ্যতের সম্ভাব্য ঝামেলা দূর করার উদ্দেশ্যেই তিনি শিশুটিকে হত্যার পরিকল্পনা করেন।
আকলিমা জবানবন্দিতে জানান, ঘটনার দিন দুপুরে ঘরে কেউ না থাকার সুযোগে তিনি ফসলি ক্ষেতে ব্যবহারের জন্য রাখা তরল কীটনাশক চামচে করে জোরপূর্বক শিশুটির মুখে ঢেলে দেন। বিষের তীব্র যন্ত্রণায় শিশুটি ছটফট করতে থাকলে তিনি পরিস্থিতি আড়াল করার চেষ্টা করেন। এসময় শিশুটির কাশির শব্দ শুনে দাদি আছিয়া আক্তার ঘরে ঢুকলে আকলিমা শিশুটিকে নিয়ে বিছানায় শুয়ে থাকার নাটক করেন।
দাদি ঘরে ঢুকে বিষের গন্ধ পেয়ে সন্দেহবশত শিশুটিকে কোলে তুলে বাইরে নিয়ে আসেন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এই ঘটনায় বৃহস্পতিবার নিহত শিশুর মা মোছা. শেফালী আক্তার বাদী হয়ে গৌরীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে সৎমা আকলিমা খাতুন ও জড়িত সন্দেহে বাবা আব্দুল কাদিরকে গ্রেপ্তার করে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২