
টানা খরার অবসান ঘটিয়ে আশ্বিন মাসের মাঝামাঝি সময়ে নীলফামারী জেলায় দেখা মিলেছে কাঙ্ক্ষিত ভারী বৃষ্টির। এই বৃষ্টিতে আমন চাষিদের মুখে স্বস্তির হাসি ফুটলেও চরম দুশ্চিন্তায় পড়েছেন আগাম আলু ও শীতকালীন সবজি চাষিরা। সদ্য রোপণ করা আলু ও সবজি ক্ষেতে পানি জমে ফসল পচে যাওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের তীব্র দাবদাহ ও খরার কারণে নীলফামারীর আমন ক্ষেতগুলো পানির সংকটে পড়েছিল। এতে ফলন বিপর্যয়ের শঙ্কা তৈরি হলেও বৃহস্পতিবারের বৃষ্টি আমন চাষিদের জন্য আশীর্বাদ হয়ে আসে। তবে আমন চাষিরা খুশি হলেও আলু ও সবজি চাষিদের মাঝে বিরাজ করছে উল্টো পরিস্থিতি। অসময়ের এই বৃষ্টি যদি দীর্ঘায়িত হয়, তবে তাদের ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে।
সৈয়দপুর বিমানবন্দরের আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ লোকমান হাকিম জানিয়েছেন, সাগরে সৃষ্ট লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবেই এই বৃষ্টিপাত হচ্ছে। এটি দ্রুত কেটে যেতে পারে, আবার একটানা তিন থেকে চার দিন স্থায়ী হওয়ার সম্ভাবনাও রয়েছে। তিনি আরও জানান, বৃহস্পতিবার বেলা ১০টা ৪৫ মিনিটে নীলফামারীতে বৃষ্টি শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এ বিষয়ে নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়রা মণ্ডল জানান, আশ্বিনের এই বৃষ্টি আমন চাষের জন্য অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে। তবে এটি আগাম আলু এবং শাকসবজির জন্য কিছুটা ক্ষতিকর হতে পারে। তিনি উল্লেখ করেন, চলতি মৌসুমে জেলায় ১ লাখ ১৩ হাজার ২২০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আরও অতিরিক্ত ১২৫ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে।
বৃষ্টির স্থায়িত্ব নিয়ে নিজের আশঙ্কার কথা প্রকাশ করে জেলার প্রবীণ আলুচাষি এইচএম আনোয়ার ইসলাম বলেন, ‘আমি এবার ১৬ বিঘা জমিতে আগাম আলু রোপণ করেছি। বৃষ্টি যদি অল্প সময়ের মধ্যে থেমে যায় তবে বড় কোনো ক্ষতি হবে না। কিন্তু বৃষ্টি দীর্ঘমেয়াদি হলে বীজ আলু পচে যাবে, যার ফলে আমাকে বড় ধরনের আর্থিক লোকসান গুনতে হবে।’
প্রাকৃতিক এই বৃষ্টিতে আমন ক্ষেতে পানির সংকট দূর হলেও, এখন দ্রুত মেঘ কেটে রোদের আশায় আকাশের দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছেন জেলার আলু ও সবজি চাষিরা।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২