
বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি ও বীর মুক্তিযোদ্ধা মো. হুমায়ুন কবির আর নেই। বৃহস্পতিবার সকাল ১১টায় ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে এই কৃতী কর্মকর্তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
কুমিল্লার সন্তান মো. হুমায়ুন কবির কৈশোরেই দেশের টানে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ১৯৭১ সালে দশম শ্রেণির ছাত্র থাকাকালে তিনি ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দিয়ে সরাসরি যুদ্ধে অংশ নেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি পুনরায় পড়াশোনায় মনোযোগ দেন এবং ১৯৭২ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। গণিতে অত্যন্ত মেধাবী হুমায়ুন কবির পরবর্তী সময়ে এই বিষয়ে এম.এসসি ডিগ্রি লাভ করেন।
কর্মজীবনের শুরুতে তিনি ফৌজদারহাট ক্যাডেট কলেজে গণিতের শিক্ষক হিসেবে যোগদান করেন। তবে দেশের সেবা করার স্বপ্ন নিয়ে তিনি ১৯৮৫ সালে ৭ম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ১৯৮৮ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে তাঁর কর্মজীবন শুরু করেন।
দীর্ঘ কর্মজীবনে হুমায়ুন কবির রাঙামাটি ও চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি হাইওয়ে পুলিশ, ঢাকা রেঞ্জ এবং বরিশাল রেঞ্জের ডিআইজি হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করেছেন। রাঙামাটির এসপি থাকাকালে তিনি ৪০ একর জমিতে 'সুখীনীলগঞ্জ' নামে একটি বন তৈরি করেন, যা জাতীয় পর্যায়ে দ্বিতীয় পুরস্কার অর্জন করে। এই অসামান্য কাজের জন্য তৎকালীন গণমাধ্যমে তাঁকে "বৃক্ষপ্রেমী পুলিশ কর্মকর্তা" উপাধিতে ভূষিত করা হয়।
হাইওয়ে পুলিশের ডিআইজি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দেশের বিভিন্ন স্থানে ৩১টি হাইওয়ে আউটপোস্টের জন্য বিনামূল্যে প্রায় ৩০ একর জমি সংগ্রহ করেন। আনুমানিক ৩০০ কোটি টাকা মূল্যের এই বিপুল পরিমাণ রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণে তাঁর সততা ও দূরদর্শিতা ছিল দৃষ্টান্তমূলক। ২০১৬ সালে বরিশাল রেঞ্জের ডিআইজি হিসেবে তিনি সসম্মানে অবসর গ্রহণ করেন।
মরহুমের জানাজার নামাজ আগামীকাল শুক্রবার বাদ জুমা রাজারবাগ পুলিশ লাইন্সের এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২