
বাগেরহাটের মোংলায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযানের পরপরই ঘটনাস্থলে এসআরবি-৬-এর পক্ষ থেকে সাংবাদিকদের কাছে ১০০ থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধারের কথা জানানো হয়েছিল। কিন্তু পরবর্তীতে বাহিনীটির সদর কোম্পানি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে উদ্ধারের পরিমাণ ৭৫ কেজি উল্লেখ করা হয়েছে। একই ঘটনায় উদ্ধারের পরিমাণে ৪৫ কেজি পর্যন্ত পার্থক্য থাকায় স্থানীয়দের মাঝে নানা সমালোচনা ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার রাত ১টা ২০ মিনিটের দিকে মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের ব্রাহ্মণমাঠ এলাকায় মোংলা-মোড়েলগঞ্জ সড়কে এই অভিযান পরিচালনা করা হয়। এসআরবি-৬-এর তথ্য অনুযায়ী, একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে চারজনকে গ্রেপ্তার ও বাসটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. ইব্রাহিম (২৩), পারভেজ আহমেদ (২৫), আমিনুর রহমান (৩২) ও নূর আমিন (২৮)। এর মধ্যে ইব্রাহিম মোড়েলগঞ্জের ফুলহাতা এলাকার বাসিন্দা এবং বাকি তিনজন রংপুরের বাসিন্দা।
অভিযানের পর বিভিন্ন গণমাধ্যমে এসআরবি-৬-এর উপপরিচালক ও মিডিয়া কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ১২০ কেজি গাঁজা উদ্ধারের খবর প্রকাশিত হয়েছিল। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাসটির পেছনের অংশের চেসিসে ছয়টি কার্টনে এই গাঁজা লুকানো ছিল। অথচ একই দিনে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ৭৫ কেজি গাঁজা উদ্ধারের তথ্য দেওয়ায় বিভ্রান্তি আরও বেড়েছে। স্থানীয়দের মতে, মাদকবিরোধী অভিযান গুরুত্বপূর্ণ হলেও উদ্ধার করা মাদকের পরিমাণ নিয়ে কর্তৃপক্ষের তথ্যের গরমিল সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে।
এসআরবি-৬ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং উদ্ধারকৃত গাঁজা ও জব্দকৃত বাসসহ তাদের মোংলা থানায় হস্তান্তরের কথা জানানো হয়েছে। তবে বিভিন্ন প্রতিবেদনে আটকের সংখ্যা ও গাঁজার পরিমাণের তথ্যে ভিন্নতা থাকায় প্রকৃত ঘটনা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। জব্দ তালিকা, মামলার এজাহার এবং আনুষ্ঠানিকভাবে ওজন করা গাঁজার পরিমাণ প্রকাশ্যে এলে তবেই এই বিভ্রান্তির অবসান সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২