
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নগর ভবনে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগা অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে সেখানে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে। তবে সেখানে কোনো ধরনের অভিযান চালানোর খবর অস্বীকার করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক ঊর্ধ্বতন কর্মকর্তা। মঙ্গলবার রাত ৯টার দিকে নগর ভবন এলাকায় এই ঘটনা ঘটে।
এ বিষয়ে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানান, সেখানে পুলিশের কোনো অভিযান চালানো হয়নি। তিনি বলেন, ‘টহলগাড়ি হয়তো ওই পথ দিয়ে সতিঝর্ণার দিকে যাচ্ছিল। আমাকে না জানিয়ে তো কোনো অভিযান হওয়ার কথা নয়।’
তবে পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র ভিন্ন দাবি করেছে। সূত্রটির মতে, বগা নগর ভবনে অবস্থান করছেন—এমন সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে খুলশী থানা পুলিশের একটি দল সেখানে যায়। সে সময় কোতোয়ালি থানা পুলিশের কয়েকটি ফোর্সও সেখানে উপস্থিত ছিল। তবে সেখান থেকে বগাকে ধরা গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
ওয়াকিল হোসেন ওরফে বগা চট্টগ্রাম নগরের ওয়্যারলেস কলোনি এলাকায় ‘বিহারি বগা’ হিসেবে পরিচিত। পুলিশের রেকর্ড অনুযায়ী তিনি একজন তালিকাভুক্ত সন্ত্রাসী, যার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি ও বিস্ফোরকসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে। একসময় তিনি চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তবে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চলতি বছরের ৮ জুন তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
এর আগে, গত ৪ সেপ্টেম্বর ওয়্যারলেস এলাকায় বগাকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। ওই হামলায় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) কয়েকজন পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। সে সময় বগা পালিয়ে যেতে সক্ষম হন। এছাড়া গত ২৯ সেপ্টেম্বর রাতে ওয়্যারলেস কলোনিতে হৃদয় নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনাতেও বগার নাম আলোচনায় আসে। হত্যাকাণ্ডের আগে ওই কিশোরকে বগার কার্যালয়ে ডেকে নেওয়া হয়েছিল বলে জানায় পুলিশ। এই মামলায় ইতিমধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হলেও হত্যাকাণ্ডে বগার সরাসরি সংশ্লিষ্টতার বিষয়টি এখনও তদন্তাধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২