
খুলনার রূপসা উপজেলায় ছেলে জয় ঢালীকে কুপিয়ে ও গলা কেটে হত্যার মাত্র দেড় মাসের ব্যবধানে এবার তাঁর বাবা আক্তার ঢালীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর কেবল রূপসা উপজেলাতেই ১২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই মাগরিবের নামাজ আদায় করে মসজিদের পাশে একটি চায়ের দোকানের বেঞ্চে বসে স্থানীয় লোকজনের সঙ্গে গল্প করছিলেন আক্তার ঢালী। এ সময় হঠাৎ গুলির শব্দ শোনা যায়। গুলির শব্দ পেয়ে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। সেখানে তারা আক্তার ঢালীকে বেঞ্চের পাশে উপুড় হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আক্তার ঢালীকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ জানান, দুর্বৃত্তদের গুলিতে আক্তার ঢালীর মৃত্যু হয়েছে। কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
এর আগে গত ১৫ আগস্ট সন্ধ্যায় দুর্জনীমহল গ্রামের শহীদের মোড়ে আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছিল দুর্বৃত্তরা। ওই ঘটনায় নিহত জয়ের মা নাসিমা বেগম বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।
খুলনায় সাম্প্রতিক সময়ে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধির চিত্র পাওয়া গেছে জেলা পুলিশের পরিসংখ্যানে। গত রোববারও জেলার দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা এলাকায় মোটরসাইকেলে এসে চায়ের দোকানে একজনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এছাড়া পুলিশের দেওয়া তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত খুলনা জেলায় মোট ৩৩টি হত্যা মামলা দায়ের হয়েছে, যার মধ্যে ৭টি হত্যাকাণ্ডই ঘটেছে গুলি করে।
জেলা পুলিশের বিশ্লেষণ অনুযায়ী, এই ৩৩টি হত্যা মামলার মধ্যে পারিবারিক কলহের জেরে ১১টি, মাদক সংক্রান্ত কারণে ৩টি, চুরি ও ছিনতাইয়ের জেরে ৩টি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২টি এবং আর্থিক বিরোধের কারণে ২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া সরকারি কর্মচারীদের ওপর হামলার ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। পুলিশ দাবি করেছে, রুজু হওয়া ৩৩টি মামলার মধ্যে ইতিমধ্যে ২৫টি মামলার রহস্য উদ্ঘাটন করতে পেরেছে তারা।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২