
সুনামগঞ্জের দিরাই উপজেলা স্টেডিয়ামে সোমবার বিকেলে অনুষ্ঠেয় মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত করা হয়েছে। স্থানীয় একটি পক্ষের আপত্তির মুখে আয়োজক সংগঠন ‘স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাব’ শেষ পর্যন্ত খেলাটি স্থগিত করতে বাধ্য হয়।
স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি ও কোচ রাকিব আহমেদ ভূঁইয়া জানিয়েছেন, সিলেটের জারা স্পোটিং ক্লাবের মেয়েদের সঙ্গে তাদের দলের একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল। এই আয়োজনের বিষয়টি পাঁচ দিন আগেই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়কে জানানো হয়েছিল। তবে রোববার রাতে তিনি জানতে পারেন, স্থানীয় কিছু মানুষ ইউএনও অফিসে গিয়ে এই ম্যাচ বন্ধের দাবি জানিয়েছেন। এরপর তাঁরা এ নিয়ে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন।
ইউএনও সনজীব সরকার আয়োজকদের জানিয়েছিলেন, যেহেতু উভয় পক্ষই দিরাইয়ের বাসিন্দা, তাই আলোচনার মাধ্যমে সমঝোতা করে খেলা চালিয়ে যেতে হবে। তবে রবিবার রাতে মাওলানা শরিফ উদ্দিনসহ কয়েকজন ব্যক্তি ইউএনওর সঙ্গে দেখা করে খেলার নামে ‘অশ্লীলতা’ বন্ধের দাবি জানান। শরিফ উদ্দিন নিজেকে ‘দিরাইয়ে ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটি’র সভাপতি হিসেবে পরিচয় দিয়ে দাবি করেন, নারীদের মাঠে ফুটবল খেলা ও নাচানাচি তাঁরা মেনে নিতে পারেন না।
আয়োজক রাকিব আহমেদ ভূঁইয়া জানান, সোমবার দুপুরে পুলিশের সঙ্গে যোগাযোগের পর পুলিশের পক্ষ থেকেও খেলা স্থগিত করার পরামর্শ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে আয়োজকেরা ম্যাচটি স্থগিত করেন। ২০১৯ সালে যাত্রা শুরু করা স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাব নিয়মিতভাবে মেয়েদের ফুটবল চর্চা ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছে। এর আগেও এই মাঠে মেয়েদের ফুটবল ম্যাচ হয়েছে।
এ বিষয়ে ইউএনও সনজীব সরকার জানান, আয়োজক রাকিব আহমেদ প্রথমে কিশোরীদের ফুটবল খেলার কথা জানালেও পরবর্তীতে স্পন্সর ও অন্যান্য বিষয় নিয়ে কিছু বিভ্রান্তি তৈরি হয়। একটি পক্ষ নারীদের এই খেলার বিরোধিতা করায় আয়োজকদের সমঝোতা করার পরামর্শ দেওয়া হয়েছিল, তবে তাঁরা নিজেরাই ম্যাচটি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২