
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। গত ৩ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান তার অফিশিয়াল ফেসবুক পেজে ছবিটি প্রকাশ করেন। তিনি জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে আয়োজিত মার্কিন প্রেসিডেন্টের সংবর্ধনায় এই ছবি তোলা হয়েছে। ছবির উৎস হিসেবে হোয়াইট হাউসের নাম উল্লেখ করা হয়।
ছবিটি প্রকাশের পরপরই অনেক ব্যবহারকারী দাবি করেন যে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এই দাবির সপক্ষে তারা বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ট্রাম্পের তোলা আরও কয়েকটি ছবি সামনে আনছেন। সমালোচকদের মতে, ওই ছবিগুলোতে মার্কিন প্রেসিডেন্টের দাঁড়ানোর ভঙ্গি, হাসি এবং ডান হাতের বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে রাখার ধরন প্রায় একই। এই মিলের কারণেই তারা দাবি করছেন, তারেক রহমানের ছবিতে ট্রাম্পের অবয়ব বসানো হয়েছে। আবার কেউ কেউ বলছেন, ছবিটি ট্রাম্পের কোনো ‘ফটো কাটআউটের’ পাশে দাঁড়িয়ে তোলা হয়েছে।
অনলাইনে এই বিতর্কের শুরুটা মূলত ‘ইনফো বাংলা’ নামের একটি ফেসবুক পেজ থেকে, যেখানে দাবি করা হয় যে প্রধানমন্ত্রী ট্রাম্পের কাটআউটের সঙ্গে ছবি তুলেছেন। অরণ্য আবীর নামের একটি অ্যাকাউন্ট থেকেও একই ধরনের দাবি করা হয়েছে। অন্যদিকে, মীর জাহান নামের একজন ব্যবহারকারী পোস্ট করে দাবি করেন, ছবিটি পুরোপুরি এআই দিয়ে তৈরি। তিনি ছবিটি অনেক দিন পর প্রকাশের বিষয়টি নিয়েও সন্দেহ প্রকাশ করেন। এছাড়া দিগন্ত, ট্যাম্পুস্ট্যান্ড এবং বসু বাপ্পাদিত্ত নামের আরও কয়েকটি পেজ ও অ্যাকাউন্ট থেকেও ছবিটি নিয়ে বিভিন্ন পোস্ট দেওয়া হয়েছে।
তবে শুধু বাংলাদেশেই নয়, ট্রাম্পের এই একই ধরনের ভঙ্গির ছবি নিয়ে অন্য দেশেও প্রশ্ন উঠেছে। কসোভো, আলবেনিয়া, উত্তর মেসিডোনিয়া এবং রোমানিয়ার নেতাদের সঙ্গে ট্রাম্পের ছবি নিয়েও অনলাইনে ব্যঙ্গ ও আলোচনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, রোমানিয়ার প্রেসিডেন্টের কার্যালয়কে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা দিতে হয়েছে যে, তাদের প্রেসিডেন্টের সঙ্গে ছবিতে ট্রাম্প নিজেই উপস্থিত ছিলেন।
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০৬: ৪৪আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৬: ৪৫
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২